ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আজও নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন সমর্থকেরা। সেখানে মঞ্চ বানানো হয়েছে। গোলাপ শাহ মাজার মোড়েও সড়কে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা। ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে সকাল ১০টা থেকে এই কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। তারা উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের পাশাপাশি শপথ নিয়ে আর টালবাহানা না করার দাবিতে নানা স্লোগান দিয়ে যাচ্ছেন। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছে।
ভারতের পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির মধ্যে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়। এটি একটি বহুমুখী প্রকল্প, যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে পেশোয়ারে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর শান্তিকালীন অবস্থান থেকে তাদের সেনা ফিরিয়ে সম্মত হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে তাদের সরিয়ে নেওয়া হবে। স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ের অংশ। উল্লেখ্য, পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। পরে হয় যুদ্ধবিরতি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, দেশে নির্বাচিত সরকার নেই। সে কারণে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নিতে হবে। দলটি বলছে, এই সরকারের প্রধান কাজ সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা; কিন্তু সরকার তার মূল লক্ষ্যের বাইরে এমন সব কাজে সম্পৃক্ত হচ্ছে, যা রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে। সরকারকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে। আরো বলছে, "গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা, মৌলিক সংস্কারকাজকে গতিশীল করা এবং অর্থনীতিকে সবল করার কাজে মনোযোগ দিন। রাষ্ট্র সংস্কারের মৌলিক কাজে ব্যর্থ হলে জুলাইয়ের রক্ত আমাদের ক্ষমা করবে না।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে জানিয়ে তিনি আরও বলেন, স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে বলেও জানান ফয়েজ আহমদ।' তিনি বলেন, এখানে কোন স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। ফয়েজ আহমদ বলেন, খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। এনজিও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।
যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক কমানোর জন্য আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে আসন্ন বাজেটেই অন্তত ১০০ ধরনের আমদানি পণ্যের শুল্ক কমানোর অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যক্তি করদাতার ক্ষেত্রে সর্বনিম্ন কর পাঁচ হাজার টাকা, সর্বোচ্চ কর ৩০ শতাংশে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তেল, গ্যাস, অস্ত্র, ফাইটার বিমানের পার্টস, মিসাইল এমন ১৫-১৬টি পণ্য, যা কেবল সরকার কেনে। আর সরকারি কেনাকাটার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে মনে করে এনবিআর। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয়েছিল মোট ৫২ শতাংশ!
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে জানান, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন- এসব দাবি নিয়েই কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে এক পোস্টে বলেছিলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য প্রথম ধাপটি হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। বলেছিলেন, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম—তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা, সংস্কৃতি ও জীবনচর্চাকে এনসিপি মূল্যায়ন করে।
কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার দুই দিন পর পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ছাত্রদলের নেতাকর্মী। আসামিরা হলেন- মো. মহসিন (৩২), সালাহ উদ্দিন রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) ও মারুফ আহমেদ (২৪)। এজাহারে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলীয় পদবঞ্চিতদের একাংশ জড়িত ছিল। তারা উভয় ইউনিটের নবগঠিত ছাত্রদল কমিটির বিরোধিতা করতে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়ানেন বলেছেন, বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তার কার্যকারিতা বাড়ানো প্রয়োজন। উদ্বেগসমূহ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে কার্যকর আলোচনা কতটা হয় তার ওপর নির্ভর করে সবকিছু। পোটিয়ানেক বাংলাদেশে ১০ বছর কর্মরত ছিলেন। এর মধ্যে সাত বছর আইএলও'র কান্ট্রি ডিরেক্টর এবং তিন বছর বাংলাদেশের পোশাক শিল্প খাতে কাজ করেছেন। পোটিয়ানেন ব্যাংককে আইএলও'র আঞ্চলিক অফিসে নতুন দায়িত্বে যাচ্ছেন। পোটিয়ানেন বলেন, রানা প্লাজা ধসের ঘটনার পর থেকে পোশাক শিল্পে কারখানার নিরাপত্তায় অনেক বিনিয়োগ হয়েছে। শ্রম নিরাপত্তার বিষয়ে সব শিল্পে সমানভাবে বিনিয়োগ করা হয়নি। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় টেলিফোনে আলাপ হয়েছে। মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে দিমিত্রি পেসকভ বলেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হলো গত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করা। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে আলোচনার বিষয়ে আমরা ইতোমধ্যেই আমাদের মূল অবস্থান স্পষ্ট করেছি। ফোনালাপের পর আমরা সবাইকে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দিতে পারব’। এর আগে পুতিন ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ১৮ মার্চ।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর নারী শাখার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর নারী সম্প্রদায়ের ব্যস্ততা এবং নীতি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে, যা দলটির নারী সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে দলটির নেতাকর্মীদের সাথে সারাহ কুক সাক্ষাৎ করেছেন।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধির বিকল্প নেই। উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা বরাদ্দের সুবিধাভোগীদের অর্ধেক রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। এটা না হলে উপকারভোগীরা বেশি সুবিধা পেত। ৫০ কোটি টাকার কম কোনো প্রকল্প দিলে তাৎক্ষণিক অনুমোদন ও বাস্তবায়ন করা যাবে। তবে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না। মাতারবাড়ি প্রকল্প ছাড়া। তিনি বলেন, মাঝারি প্রকল্পের আওতায় ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা ছয় লেন প্রকল্প অনুমোদন করা হয়েছে। গাছ কাটা ঘরবাড়ির ক্ষতি না করে এ প্রকল্প বাস্তবায়ন করা যাবে। উপদেষ্টা বলেন, বরিশাল প্রাচ্যের ভেনিস হতে পারতো। তবে আমরা খালগুলোকে অবহেলা করেছি। তিনি বলেন, আমরা অনেক গ্যাস ফিল্ডের জন্য প্রকল্প ও অনুসন্ধান শুরু করছি। ভোলার একটি গ্যাস ফিল্ড রয়েছে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার যথেষ্ট ঘাটতি রয়েছে। জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে। উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। উপদেষ্টা বলেন, জাপান সরকারের অর্থায়নে ১০ বছর মেয়াদি দুই হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বিএনপি নেতা মীর হেলাল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রসঙ্গত, মীর হেলাল তুলসীধামে গিয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা কমিটি ও অদ্বৈত-অচ্যুত মিশনের কর্মকর্তারা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে বলা হয়েছে। নোটিশদাতা এনসিপি কর্মী হোসাইন মো. আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তাই সেসব দলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।