শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির ফলে সকাল থেকেই শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। অংশগ্রহণকারীরা জানান, মূল হত্যাকারী ও অন্য আসামিদের এখনো গ্রেফতার না করায় তারা হতাশ। রাকিবুল ইসলাম বলেন, আমরা এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।
উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে। মোয়াজ্জেম বলেন, দুদক ডেকেছে তাই এখানে এসেছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ এমন মিথ্যা ছড়াচ্ছে। যেমন মিডিয়াতে আমার পদত্যাগের বিষয়টি অব্যাহতি হিসাবে এসেছে। তিনি বলেন, আমাকে বিসিএস ভাইভা দিতে হবে, একটা প্রস্তুতির বিষয় ছিল। এ কারণে পদত্যাগ করেছিলাম। আমার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছে। আর দুর্নীতির অভিযোগ এরপরে এসেছে।
উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে জবাব দিতেই তিনি দুদকে হাজির হয়েছেন বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। এর আগে তদবির বাণিজ্যে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য ২২ মে দুদকে তলব করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করেছে বিএসএফ। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। ওসি মো. গোলাম আফছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর কিছু ধারা বলবৎ রেখে বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক ২১ মে ২০২৫ প্রণীত নিম্নে উল্লেখিত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত ক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হলো। ওই আইনের ১৭,১৮,১৯,২০,২২,২৩,৩০,৩২ ও ৩৫ ধারাসমূহ বলবৎ থাকবে।
হত্যা মামলাসহ দুই মামলায় আসামি মমতাজ বেগমকে পৃথক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টুনীর উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মীসহ উৎসুক জনতা। মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ আদালতের ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।
পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর ৩৫ সদস্যের একটি কূটনৈতিক দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি সরকারি মিশনে ছিলেন। কারণ সেখানে ব্যাপক ইসরাইলি সামরিক আক্রমণের ফলে মৃত্যু ও বাস্তুচ্যুতি ঘটেছে। ইসরাইলি বাহিনী দাবি করেছিল ত্রাণবাহী প্রায় ১০০ ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ।
অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।
ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। তবে, মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের মতে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংক্ষুব্ধ হলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারে। তবে, সেটা হতে হবে মামলার বিবাদী পক্ষ। যেমন ফজলে নূর তাপস। সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হয়ে হাইকোর্টে আসতে পারেন না। তাই এ রিট খারিজযোগ্য।
এক সপ্তাহেরও বেশি টানা আন্দোলনের পর আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ইশরাকের সমর্থকরা। এর আগে ইশরাক হোসেন জানান, মেয়র পদে রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে।
সারজিস আলম লেখেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা ও সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।’ তিনি লিখেছেন, ‘শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দি থাকে। অথচ দাগী আসামিরা বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে।’ সারজিস বলেন, ‘এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?’ সারজিস বলেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!’ তিনি বলেন, ‘এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে। নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরাইলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরাইলি বন্দি ‘অবশ্যই জীবিত’ রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকব। এছাড়া তিনি তিন কাজের কথা জানান, উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। উল্লেখ্য, ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করছেন তার সমর্থকরা। ইশরাক পদত্যাগ চান দুই ছাত্র উপদেষ্টার।
জুলাই গণঅভ্যূত্থানের যোদ্ধা ছিলেন ইয়াসিন মিয়া শেখ। রাশিয়া গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। গত ২৭ মার্চ যুদ্ধে নিহত হন। এ খবর পরিবার জানতে পারে ১ এপ্রিল। তবে লাশের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। নিহতের বড় ভাই মো. রুহুল আমিন শেখ জানান, রস্তু বন্ধন ক্যান্টনমেন্ট হাসপাতালে ইয়াসিন মিয়া শেখের মৃতদেহ সুরক্ষিত রয়েছে। দ্রুত লাশ আনার দাবি জানিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লাশ ফেরত আনার প্রক্রিয়া চলমান।
শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের জন্য ‘জেলা বিশেষজ্ঞ পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি জেলার জন্য বিশেষজ্ঞদের একটি তালিকা প্রস্তুত করা হবে, যারা শিক্ষক প্রশিক্ষণে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করে আগ্রহী ব্যক্তিরা এই বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে আগামী ৩০ জুনের মধ্যে। যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরি সংক্রান্ত কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা বা সরকারি ক্রয় প্রক্রিয়ার যে কোনো একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান থাকা আবশ্যক।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।