আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত ফেসবুকে লেখেন, সাদিক কায়েম, নাহিদ, মাহফুজ, জুনায়েদ কেউ কারোর ইমাম ছিল না। এখানে কোনো একক ইমাম নেই। শহিদ-আহতদের ত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। তিনি লেখেন, ‘একইসঙ্গে এটা ছিল খুনি হাসিনার নিজের হাতের কামাই। তার জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত ঐক্যমত্যের ফলাফল।’ রিফাত বলেন, ৫ আগস্টের পর নানা প্রকারে একপাক্ষিক বা একক ইমাম নেতৃত্ব আরোপের প্রচেষ্টাতেই অনৈক্য, অবিশ্বাস আর বিভেদ জন্ম নিয়েছে। আরো বলেন, ড. ইউনুস শুরু থেকে আজ পর্যন্ত গোটা ছাত্র-জনতাকে দেখেছেন মাহফুজ-নাহিদদের লেন্স দিয়ে। কালেক্টিভ নেতৃত্বের বাকিরা তথা সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, আলী আহসান জুনায়েদ, সিবগাতুল্লাহ বা ছাত্রদলের রাকিব-নাসিরদের লেন্স সম্পর্কে প্রধান উপদেষ্টা এখনও অন্ধকারে। যদি জ্ঞাত হতেন, তাহলে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের সমন্বয়হীনতার এতটা প্রকট সংকট এত দ্রুত তৈরি হতো না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ঈদুল আজহাতে বাজারে আসছে নতুন টাকা। ইতোমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়েছে। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি। গভর্নর বলেন, ‘নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।’ এ প্রসঙ্গে টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপর ৫০ ও ১০০০ টাকার নোট বুঝিয়ে দেবে টাঁকশাল। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে। এদিকে গভর্নর জানান, ‘বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় পাচার হওয়া অর্থ ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।’
ভারতে আটক আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। জানা গেছে, বিএসএফ পুশ ইন করবে এমন খবর পায় বিজিবি। পরে বিএসএফকে বার্তা দিয়ে জানায়, প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া হবে। অন্য দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এরই পরিপ্রেক্ষিতে এই হস্তান্তর!
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো।' জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে কেবল উপদেষ্টারাই ছিলেন। সচিবালয়ের বা সরকারের কোনো সহযোগীরা ছিলেন না।
আজ একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরে বেলা ২টা ১১ মিনিটে বৈঠক শেষ হয়। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি। কে কোন কথা কোথায় বলব সেসব আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনা এখনো হয়নি। এছাড়া উপদেষ্টা তৌহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বৈঠক সস্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেননি।
জুলাই গণঅভ্যুত্থানের এখন পর্যন্ত সর্বশেষ শহিদ মো. হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। উপদেষ্টা বলেন জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত এবং পরবর্তীতে শহিদ মো. হাসানের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে অনন্তকাল স্মরণ করবে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানযোগে তার লাশ থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হবে। তার মহদেহ গ্রহণের জন্য উপদেষ্টা ফারুক ই আজম ও মরহুমের পরিবারের সদস্যসহ অনেকেই উপস্থিত থাকবেন। শহীদের মায়ের ইচ্ছানুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। ওখানে উপস্থিত এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস লক্ষ্য করছি। দেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেটি ব্যর্থ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা, নির্বাচন, সংস্কার ও বিচারসহ প্রতিটি বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আখতার বলেন, সরকার স্পষ্ট করেছে যে, করিডোর ত্রাণ দেওয়ার জন্য। তবে আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরো যাচাই বাচায়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে মোয়াজ্জেম দাবি করেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে।’
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে সারজিস আলমকে। ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছিলেন, 'মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন- ‘তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান’। আমরা তার এ কথার ওপর আস্থা রাখতে চাই।" তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না। কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। তিনি সরকারের অভিভাবক। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা। আরো বলেন, আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত। ফলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি হতে বাধা থাকল না। শুক্রবার এক মার্কিন আদালত ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড নীতি সাময়িকভাবে স্থগিত করেছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষ। হার্ভার্ডের অভিযোগ, এ নীতি প্রেসিডেন্ট ট্রাম্পের বৃহত্তর চক্রান্তের অংশ। কারণ, হার্ভার্ড তাদের শিক্ষাগত স্বাধীনতা বিসর্জন দিতে রাজি হয়নি।
সাম্প্রতিক উত্তেজনার জেরে ভারত পাকিস্তান পরস্পরের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে। পাকিস্তান বলছে, "আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।" এর পরপরই ভারত ঘোষণা দিয়েছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, 'গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে!' দখলদাররা শরণার্থী শিবিরেও হামলা করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরাইলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। জাবালিয়ার শরণার্থী শিবিরে হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতার প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হয়েছে জাতি। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতীর সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। সর্বত্র সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।