মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রোববার রাত ১২টার পর গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের আত্মীয় ইসমাইল হোসেন জানান, আচমকা দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।
শনিবার রাত নয়টায় ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নবগঠিত নেতারা। ছাত্রদলে যোগ দেওয়া পাঁচজন হলেন-জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় জানান, জাতীয়তাবাদী আদর্শ লালন করে তারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় কর্মী ছিলেন। আমরা তাদের ছাত্রদলে ফুলের মালা দিয়ে বরণ করে স্বাগত জানিয়েছি।
হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। হামাস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয়দের দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করছে ইসরাইলি সেনারা। হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজাজুড়ে কয়েকটি জায়গায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা এবং গেরিলা হামলা চালিয়েছে। জানা গেছে, গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরেইতে হামলা চালিয়েছে ইসরাইল। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন।
গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে, এই সন্দেহে ভারতের উত্তরপ্রদেশে চারজন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে ‘গোরক্ষক’ বাহিনীর লোকজন। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ভুক্তভোগীদের জামাকাপড় খুলে নিয়ে প্রায় নগ্ন করে পেটাচ্ছে। মারধর করার সময় কাস্তে বা কাটারির মতো ধারালো অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড এবং ইঁটও ব্যবহার করা হয়েছিল। পুলিশ বলছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি – তবে গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করে সেটি কীসের মাংস, তা পরীক্ষা-করা সহ ‘সব অভিযোগে’র তদন্ত করা হবে!
নরসিংদীর বেলাবতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের ধরতে গ্রেফতার অভিযান পরিচালনাকালে জেলা ডিবি পুলিশের ওপর হামলা হয়েছে। এতে ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছে এবং ডিবি পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহত মো. জাফর অভিযোগ করেন, প্রায় এক মাস আগে স্থানীয় আওয়ামী লীগপন্থিরা একটি মিথ্যা মামলা দিয়ে আমার বাবা ও ভাইসহ কয়েকজনকে পুলিশে ধরিয়ে দেয়। রোববার জামিনে মুক্ত হয়ে তারা বাসায় ফেরার পর একজন চুল কাটাতে বের হলে ১৫ থেকে ২০ জন আওয়ামী সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ছাত্রদল নেতা মুজিবুর রহমান (২০) ছয় দিন যাবৎ নিখোঁজ। তার পরিবার সংশ্লিষ্ট থানা, হাসপাতাল ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও হদিস পাননি। মুজিবুর রহমান কক্সবাজারের রামুর ধেচুয়া পালং এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ১৯ মে সকালে খুনিয়া পালংয়ের ধেছুয়া পালং বড় ডেবা নিজ কম্পিউটারের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মুজিবুর। এরপর থেকে তার সন্ধান নেই!
পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) জন্য তৈরি করা ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম, পোশাক তৈরির ফরমায়েশ গ্রহণকারী গোলাম আজম ও নিয়াজ হায়দার। গত মার্চে ২ কোটি টাকার চুক্তিতে এই পোশাক তৈরির অর্ডার নেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। আর জব্দ করা হয়েছে ১৭ মে!
বিএনপি নেতা আমিনুল হক বলেন, স্বৈরাচারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায়। আমরা জানি না, কেন আপনাদের ভয় লাগে? এ দেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মী আপনাদের সমর্থন দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে আপনারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবেন; কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেনো জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। সংস্কার ও বিচারের কথা বলে এবং নতুন নতুন অজুহাত সামনে দাঁড় করিয়ে দেন। তিনি বলেন, দেশে কিছু হলেই- ভালো হোক আর মন্দ হোক- বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয়। বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করে। আরো বলেন, ৩১ দফার কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ ভাবে সংষ্কার করা সম্ভব হবে।
এক আহত জুলাই যোদ্ধা বলেন, আমার চার ভাই বিষপাণ করেছে, তার জন্য দায়ী করব গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে। দ্বিতীয়ত দায়ী করব আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার রাজপ্রাসাদে বসেছে। তাদের উচিত ছিল গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। তিনি বলেন, ‘কিন্তু ১০ মাস হলেও কতজনকে দেশের বাইরে পাঠিয়েছেন। এখনো সে সংখ্যাটা ৫০ হয়নি। অথচ আমরা আহত হয়েছি ২২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তি বলেন, ‘আমারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে অনুরোধ করেছিলাম, আমাদের হাত-পা পচে যাচ্ছে আপনারা আমাদেরকে বাঁচান। তাকে বলেছিলাম তিন দিনে মধ্যে ডাক্তার আনতে হবে, তিনি এনেছিলেন তবে আইওয়াশের মত। প্রসঙ্গত, রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবক বিষপান করেছেন।
শাহবাগে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তিকে' নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, জুলাইয়ে যারা গণহত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করতে আমাদের একজোট হতে হবে। বাংলাদেশি জনগণ আর কোনো বিদেশি দাসত্ব মেনে নেবে না। সমাবেশে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শহিদদের রক্তের ভিত্তির ওপর দাঁড়ালেও, এখনো পর্যন্ত খুনিদের বিচার হয়নি। সমাবেশে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের প্রথম ধাপ ছিল পিলখানা হত্যাকাণ্ড। এরপর থেকে যে দেশপ্রেমিক নেতারা ভারতবিরোধী অবস্থান নিয়েছেন, তাদের একের পর এক হত্যা করা হয়েছে। যারা ভারতীয় বক্তব্যে সুর মিলিয়ে কথা বলবেন, জনগণ তাদের সোজা ভারতে পাঠিয়ে দেবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নানা প্রস্তাব তুলে ধরেছেন রাজনৈতিক নেতারা। বৈঠক শেষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘জনগণের মতামত নিয়ে সংস্কার করতে হবে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ সংকট আরও ঘনীভূত হবে। তিনি বন্দর, করিডোর বিষয় রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়ার দাবি করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘পরিস্থিতি এমন যে তার পক্ষে কাজ করা চ্যালেঞ্জিং আর কিভাবে এই পরিস্থিতিকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা নিয়েই বৈঠক হয়েছে। এবি পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ৫ ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়ার দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘অনেক আশা ভরসা থেকে মৌলিক সংস্কারগুলো করবেন, নির্বাচনী রোড ম্যাপ দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিতর্কিত উপদেষ্টাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া, সামরিক বাহিনীসহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করার আহবান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। তিনি বলেন, আমরা চাই বিক্রেতারা চামড়ার যেন ন্যায্যমূল্য পায়। চামড়ার ন্যায্যমূল্য কিন্তু গরিবের হক। তারা যাতে ন্যায্যমূল্য পায় সেটার ব্যবস্থা করা হয়েছে। আরো বলেন, আমরা বসে আলোচনা করে বলেছি ৫ শতাংশ হাসিল অনেক বেশি। আমরা এখনো হাসিল কমাতে পারিনি। আগামীবার থেকে হাসিল যাতে ৩ শতাংশের বেশি না হয় সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, এবার ঢাকার দুই সিটি করপোরেশনে ২০টি হাটের ব্যবস্থা করা হচ্ছে। গরু কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। প্রতিটি হাটে আইনশৃঙ্খলার জন্য পর্যাপ্ত আনসার সদস্য থাকবে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সংগঠনটির প্রধান নাজিমুল হক বলেন, উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ড. বদিউল আলম মজুমদারকে উপ-রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উপ-প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়। উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির ২৫ শতাংশ, জামায়াত ২০ শতাংশ, এনসিপি ১৫ শতাংশ, ইসলামী আন্দোলন ৫ শতাংশ, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০ শতাংশ, বাকি রাজনৈতিক দল থেকে ২৫ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে।
রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক পথসভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংবিধান নামক যে আওয়ামী বিধান রয়েছে সেটি অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে। এই আওয়ামী বিধানের কারণেই রাষ্ট্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে। তিনি বলেন, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে। তরুণদের যদি মাইনাস করার চিন্তা থাকে তাহলে আমরা বলতে চাই- এ আন্দোলনে ক্রিয়াশীল ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আরো বলেন, সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। হাসনাত বলেন, পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা যেন ঐক্যবদ্ধ হই।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।