প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি দেশের অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, বাংলাদেশ শান্তির সংস্কৃতি, সহনশীলতা ও মানবতার চর্চায় বিশ্বাস করে। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাগত উৎকর্ষতা, অসাধারণ সাহস, মানবতা, আত্মত্যাগ ও সততার মাধ্যমে বিশ্বে শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’
নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, ৭ বছর আগে ভিশন–২০৩০ জাতির সামনে তুলে ধরেছিলেন খালেদা জিয়া। ২ বছর আগে ২৭ দফা দিয়েছিলেন তারেক রহমান। আরো বলেন, ঐকমত্য কমিশন এখন বলছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নাকি ঐকমত্য হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। খসরু বলেন, ৫ আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তাদের অনেকেই বিদেশে থাকতেন। আর আমাদের হয় জেলে, না হয় ফাঁসির কাষ্ঠে থাকতে হতো। সুতরাং বিচারকাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের ওপর কোনো ভরসা নাই।’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সঙ্গে বুধবার বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে এই বৈঠক হয়েছে। যুক্তরাজ্য গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার, সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এক প্রোগ্রামে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয়। আমাদের মানসিকতা ও জীবনযাপনে পরিবর্তন করতে পারলে নির্মল ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান, খিলগাঁও এর কোথায়ও সবুজায়নের সুযোগ থাকলে বন অধিদপ্তররে উদ্যোগে সেখানে গাছ লাগানো হবে। শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেয়ালচিত্র দেখে উপদেষ্টা বলেন, এই চিত্রগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ও সঠিক। তোমরা যেভাবে অংশ নিয়েছ, তাতেই আজকের বাংলাদেশ বদলের সম্ভাবনা দেখি। আরও বলেন, আমাদের ভুল শুধরে নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদেরই নেতৃত্ব নিতে হবে।
নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়কে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান বলেন, যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। তিনি বলেন, ‘জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে সরকারের ভেতরে এবং বাইরে কারও কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে!'
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৫ থেকে ৯ জুন পর্যন্ত ছুটি থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
আওয়ামী লীগ আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়। এতে যুক্ত ছিলেন গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের পাচার করা সম্পদ শনাক্তে তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাচার করা এসব অর্থ উদ্ধারে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান চারটি প্রভাবশালী সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। সংস্থাগুলো হচ্ছে- দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কো-অর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি। যেখানেই তথ্য পাচ্ছে সেখানেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সংস্থাগুলো।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন; যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি। আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলেই আমাদের ফসল না। তিনি বলেন, দুদিন পরে আসবে আউশ, তারপর আসবে আমন। আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।
বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো'র সাথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করে জানান, যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে— সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন। আরও বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তারো ড. ইউনূসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।
বিরল উপজেলায় এক পথসভায় সারজিস আলম বলেছেন, উত্তরাঞ্চলে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে। সারজিস বলেন, দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা, সেগুলো দেখে সব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আজকে বিরলে এসেছি। আরো বলেন, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেখতে হবে মানুষ কী চায়। মানুষের সাথে থেকে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে বলে জানান তিনি।
নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছিল। দেশের তরুণ ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই-আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি।আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে রূপ দিতে হবে। অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র। আমরা সরকারকে সেজন্য সহযোগিতা করেছি। সহযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্বর্তী সরকার পালাতে পারবে না।
নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘স্টারলিংক ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি। দেশ ভালোই ছিল। স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য, এখান দিয়ে আরাকান আর্মির মাল-মশলার জন্য। সেন্টমার্টিন কার জন্য, বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। তিনি বলেন, কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব না। আরো বলেন, গণমানুষের আকাঙ্ক্ষিত, আস্থার একটি প্রতীক ছিল সরকার। কিন্তু ৯ মাসের কার্যক্রমে আমরা কিছু পাইনি। আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ ৯০ ভাগই এদেশের নাগরিক নয়।
নয়া পল্টনের সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম। আমরা কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করতে পারব। তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কখনো আওয়ামী লীগ গণতন্ত্র বোঝেনি, স্বৈরাচার কায়েম করেছে।
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মো. জসিম উদ্দিন নামের এক আইনজীবী। এর আগে পাঠানো হয়েছিল আইনী নোটিশ, জবাব পাননি বলে জানান আইনজীবী। প্রসঙ্গত, মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ হওয়ার পর সারজিস আলম ফেসবুকে লিখেছিলেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?’ একেই আদালত অবমাননা হিসেবে নিয়েছেন আইনজীবী জসিম উদ্দিন।
দুর্নীতির মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিবাদী পক্ষের আইনজীবী এস এম শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয়বহির্ভূত না। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।