ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রথমবারের মতো স্বীকার করে জানিয়েছেন, চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। চৌহান বলেন, বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন তা ভূপাতিত হয়েছে, সেটাই আসল বিষয়। আমরা বুঝতে পেরেছি কোথায় কৌশলগত ভুল হয়েছিল, তা শুধরে নিয়ে আবার দুই দিন পর সফলভাবে অভিযান চালিয়েছি এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। এদিকে, বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামীও সম্প্রতি স্বীকার করেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, রাফাল কেনাকাটায় দুর্নীতি হয়েছে, যা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত তদন্ত হবে না।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, ‘সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। যেকোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত। তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে।’ তিনি বলেন, ‘আমার অন্যান্য রাজনৈতিক ভাইয়েরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? ৩-৪ বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়- তা আমরা মেনে নেব।’ তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ৯ মাসে সংস্কারের নামে এদেশের ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। এর মধ্যে ১৮ লাখ নারী।’
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। উপদেষ্টা ফেসবুকে লেখেন, ‘চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।' তিনি জানান, ১০ মাসে বাংলাদেশ আসল বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ডলার-অর্থাৎ ৩২ দশমিক ৮৬ শতাংশ বেশি। এছাড়া জানান, অতিবৃষ্টি হলেও জলাবদ্ধতা কম হয়েছে।
জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। আরও বলেন, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের ওপর। প্রস্তুতিও চলছে। বিস্তারিত দলের পক্ষ থেকে পরে জানানো হবে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকায় এটিই হবে জামায়াতের প্রথম বড় সমাবেশ!
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান জানান, সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক (প্রবীণদের বিশেষায়িত) ওয়ার্ড চালু হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ঢামেক হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেলে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সচিব নার্সদের বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, বাংলাদেশের মতো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী।
জাতীয়তাবাদী সমমনা জোট এক বিবৃতিতে বলেছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতি নির্বাচন চায়। বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোটসহ দেশের গণতন্ত্রকামী প্রায় সকল রাজনৈতিক দল এবং জোটও এই সময়ে নির্বাচন চায়। সুতরাং নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না। সমমনা জোটের নেতারা বলেন, কেবল একটি দল নয়, দেশের গণতন্ত্রকামী সব দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তারা সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। সরকারকে বলব, অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।
বিএনপি নেতা জয়নুল আবেদীন বলেছেন, সরকারকে আহ্বান করব— সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। ১০ মাস লাগে না— এ সংস্কার করতে, নির্বাচন দিতে। আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই সহযোগিতা করব। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সবার অন্তর থেকে মুছে ফেলতে। তারা চিন্তা করেছিলেন, জিয়ার নাম মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন। আরো বলেন, খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। আগের চেয়ে এখন ভালো আছেন। তারেক রহমান বাপের স্মৃতি ধরে রেখেছেন।
এক পথসভায় সারজিস আলম বলেন, ‘আমরা দেখেছি, বাবা নেতা, এরপর ছেলে, তারপর নাতিও নেতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি নির্দিষ্ট প্রতীকে চোখ বুজে ভোট পড়ে যাচ্ছে। এ অন্ধ আনুগত্যই পরিবারতন্ত্রের এক বিপজ্জনক রূপ। ভেবে দেখতে হবে—যাকে আমরা ভোট দিচ্ছি, তিনি কি সত্যিই যোগ্য? তিনি কি জনগণের পাশে দাঁড়ান? যদি দাঁড়ান—তাহলে তিনি যে দলেরই হোন না কেন, তাকেই আমাদের সমর্থন করা উচিত। তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’ আরও বলেন, ‘ছাত্রজনতার নেতৃত্বে দেশে যে গণঅভ্যুত্থান ঘটেছে তার রাজনৈতিক রূপদানের দায়িত্ব নিয়েছে এনসিপি। সারজিস বলেন, ‘নদী ভাঙন, চিকিৎসাহীনতা, বেকারত্বসহ নানা সংকটে বছরের পর বছর ধরে সুন্দরগঞ্জের মানুষ বঞ্চনার শিকার হয়ে এসেছে। আজকের এ উপস্থিতি বলে দিচ্ছে, মানুষ আর পরিবর্তনের স্বপ্ন দেখে না। পরিবর্তনের জন্য প্রস্তুত।
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। হজ মৌসুম শেষেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। আরব টাইমস বলছে, সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। আরও বলেন, আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এমন ৫২টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আরো বলেন, ৪/৫ টি দল এরা কোনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নাই তারা নির্বাচন চায় না। ওয়ান ইলেভেনের সময়ও এমন কিংস পার্টি হয়েছিলো!
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, “এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। নেগোসিয়েশন হয়ে গেলে দেখবেন, ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে”।’ হাসনাত বলেন, ‘বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগিজনিত কোনো আলোচনায় যায়নি।’ আরো বলেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইম্প্রেশন তৈরির চেষ্টা হয় যে, দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে।’ জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার ও জুলাই ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন, ‘যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়; বরং মৌলিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক!
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।’ তিনি বলেন, ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে। ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’ আরো বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিতেন। গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই।’
হাসপাতালের কর্মচারী ও জুলাই আহতদের মধ্যকার সংঘর্ষের জেরে টানা চতুর্থ দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। অচলাবস্থার কারণে চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ফিরে যেতে হচ্ছে। এক রোগী জানান, হাসপাতালে সেবা বন্ধ এটা না জেনেই এসেছি। টাকা কম থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসি। তবে এভাবে চললে আমরা চিকিৎসা কীভাবে নেব। প্রসঙ্গত, হাসপাতালটিতে প্রতিদিন গড়ে দেড় হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।
শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার হওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলার সিদ্ধান্ত মোতাবেক ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজানকে দলীয় ভাবমূতি ক্ষুন্ন করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এর আগে গত বৃহস্পতিবার ভিজিডির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে শাহজাহানকে আটক করে যৌথবাহিনী।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।