জামায়াত আমির শফিকুর রহমান নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিলের প্রতিক্রিয়ায় লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আরও লিখেছেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিলো আপিল বিভাগ।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল সরকার। এর মধ্যে কিছু সরকারিভাবে অননুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে। এদিকে দখলদার ইসরাইলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে যেতে পারছেন না সৌদি আরবসহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস। তবে শর্ত হলো- একটি স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরাইলের জন্য ‘রেড লাইন’ ছিল। হামাস জানায়, প্রস্তাব অনুযায়ী তারা ১০ জন জীবিত জিম্মি ও ১৮টি মৃতদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরাইল একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। হামাস বলছে, ‘আমরা মনে করি, এ প্রস্তাবের লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা।’
দক্ষিণ এশিয়ায় ফের আঘাত হেনেছে করোনাভাইরাস। ছড়িয়ে পড়ছে দ্রুতই। মরণঘাতী এ ভাইরাসে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভারতে প্রায় ৩ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। তথ্য অনুসারে, কেরালায় ১,১৪৭ জন, মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ এবং গুজরাটে ২২৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। তামিলনাড়ুতে ১৪৮ জন, কর্ণাটকে ১৪৮ ও পশ্চিমবঙ্গে ১১৬ জন আক্রান্ত হয়েছে।
যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারকে বসিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা ভেবেছিলাম এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানান ধরনের বাহানা করছে, আজ না কাল। কেন নির্বাচন দিতে চায় না। কারণ এদেশের জনগণ বিএনপিকে ভোট দেবে। জনগণ বিএনপিকে কেন ভোট দেবে? কারণ বিএনপি সব সময় এদেশের জনগণের সঙ্গে আছে। তিনি বলেন, শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান। স্বাধীনতা উত্তর শ্বাপদসঙ্কূল রাজনৈতিক, সামরিক পথপরিক্রমা, দেশি বিদেশি ষড়যন্ত্রে দিশাহীন জাতিকে দেখিয়েছিলেন আলোর পথ।
এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে ছাত্রদল নেতা গণেশ চন্দ্র রায় বলেন, ঢাবির শিক্ষার্থীরা যে নিরাপদ ও স্বাধীনভাবে মতপ্রকাশের উপযুক্ত ক্যাম্পাসের আকাঙ্ক্ষা বারবার প্রকাশ করে এসেছে, সে রকম ক্যাম্পাস বিনির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, হলগুলোতে নানা উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাবি প্রশাসন। ন্যক্কারজনক নানান ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের গা-ছাড়া মনোভাব তাদের অযোগ্যতারই বহিঃপ্রকাশ। আরো বলেন, সাম্য হত্যার প্রায় ১৩ দিন পর ডিএমপি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করেছে তা ছিল অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর!
উচ্চ আদালতের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তাদের আজ রোববার থেকে নিজ নিজ পদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ বলেন, ৯৮৮ জনকেই চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিজ নিজ পদে ফিরবেন। ১ জুন থেকে তারা কাজে যোগ দেবেন। প্রসঙ্গত, চাকরিচ্যুত এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছিলেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে। শনিবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তার পরিবারের কাছ থেকে শহীদের স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। এ সময়ে উপদেষ্টা ফারুকীর সাথে থাকা একটি ভিজুয়াল টিম ঘরজুড়ে শহীদ ওয়াসিমের অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। উপদেষ্টা ফারুকী রোববার শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন।
ইউজিসি চেয়ারম্যান ও ঢাবি'র সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলে বিদ্যমান পরিস্থিতি কিছুটা শান্ত হবে। পক্ষান্তরে আমরাই রোড ম্যাপ ঘোষণা করব-এ ধরনের মানসিকতা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতানৈক্য দৃশ্যমান। বিএনপির উচিত নির্বাচন নিয়ে আরও বেশি আলোচনা করা। ডিসেম্বর ও জুনের মধ্যে তেমন পার্থক্য নেই। আলোচনার মাধ্যমে এ দূরত্ব কমানো সম্ভব। একই অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, দেশের সংস্কার দরকার আছে। সরকার যখন দায়িত্ব নেয় তখন কোনো এজেন্ডা ছিল বলে মনে পড়ছে না। এখন শুনছি সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি তাদের এজেন্ডা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, সভা শোক র্যালি দোয়া মাহফিল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। এ উপলক্ষ্যে মঠবাড়িয়ায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, গফরগাঁওয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ হয়েছে। খাগড়াছড়িতে শোক র্যালি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও বইমেলা হয়েছে। জয়পুরহাটে জেলা কৃষক দলের উদ্যোগে ৫০০ জনের মধ্যে গাছের চারা বিতরণ ও জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। অধিকারের প্রেসিডেন্ট তাসকিন ফাহমিনা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে সেক্টর কমান্ডার মেজর জলিলসহ অনেকেই গুম হন। এছাড়া ১৯৯৬ সালে কল্পনা চাকমাকে নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক গুম করার অভিযোগ আছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে অধিকার’র ডকুমেন্টেশন অনুযায়ী ৭৩০ জন গুম হয়েছেন। এদের মধ্যে ৮৩ জনকে গুমের পর বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ১৬২ জনকে আজও পাওয়া যায়নি। মূল সংখ্যা আরো বেশি হবে!
শনিবার বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং কমার্স বিষয়ে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্মারকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও চীনের পক্ষে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও স্বাক্ষর করেন। এর আগে দুই বাণিজ্য মন্ত্রীর বৈঠকে বাংলাদেশের কৃষি উন্নয়নে ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব তুলে ধরে চীনের বাণিজ্যমন্ত্রীর কাছে কৃষি খাতে ড্রোন প্রযুক্তির সহায়তা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা। চীনা মন্ত্রী সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। এছাড়া বাণিজ্য উপদেষ্টা বিনিয়োগের আহ্বান জানান।
উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, গত রোজার ঈদে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের কারণে নৌপথে ঘরে ফেরা মানুষের কোনো সমস্যা হয়নি, এবারের ঈদেও কোনো সমস্যা হবে না। তিনি বলেন, প্রকৃতপক্ষে ফেরির অনেক সংকট রয়েছে। তারপরেও আমরা এ সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সরকারি ফেরি অনেক জায়গায় দেওয়া আছে। বিভিন্ন যায়গায় যেখানে যাত্রী পারাপারে অসুবিধা হয়। উপদেষ্টা বলেন, মহেশখালী, সন্দীপে দিয়েছি। এখন কুতুবদিয়া চাচ্ছে। কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।