বিএনপি নেতা আমির খসরু এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে গতানুগতিক বাজেট ঘোষণা করেছে। খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই। বিএনপি ক্ষমতা এলে শিক্ষার কর মওকুফ করা হবে। তিনি বলেন, একদিকে মুলস্ফীতি অন্যদিকে জনগণের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ট্যাক্স বাড়িয়ে দিলে জনগণের ওপর প্রভাব পড়বে। তাই জনগণের জীবনযাত্রার মান বাজেটের প্রথম লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাজেটে উল্টো দিক দেখছি।
জিওপি নেতা রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের বাজেটে আগের আমলের বাজেটের ছাপ পরিলক্ষিত হয়েছে। বরাবরের মতো এবারও ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট। অর্থাৎ বিদেশ নির্ভরতা কমানো হয়নি। তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থি ও বৈষম্যমূলক। এপার্টমেন্ট, ফ্লাট কেনাকাটায় ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না। আরও বলেন, বাজেটে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ ইতিবাচক দিক। তবে বর্তমান প্রেক্ষিতে সন্দেহ সংশয় থেকে যায় যে, এই বরাদ্দ সঠিকভাবে ব্যবহৃত হবে কি না! রাশেদ বলেন, রাজস্ব আদায়ের টার্গেট পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া নতুন করে টাকা ছাপানোতে মূল্যস্ফীতি বেড়ে যাবে বলেও জানান এই নেতা।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ‘আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। এই ধরনের বন্দিশালা কেমন হয়, তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত।’ কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে এবং তার মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মূল বিষয় হচ্ছে জনগণের অংশগ্রহণ, শুধু রাজনৈতিক দলের নয়। ঢাকায় ডিক্যাব টকে তিনি বর্তমান সরকারের সংস্কার উদ্যোগের প্রতি জোরালো সমর্থন জানান, যা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। তিনি জুলাই মাসের গণহত্যার ঘটনায় দায়ীদের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পাঠানোর জন্য করিডোর বিষয়ে কোনো আলোচনায় জাতিসংঘ জড়িত নয় বলেও তিনি স্পষ্ট করেন।
ভারতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ বা সুপারবাগ পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে। ওষুধের অপব্যবহার ও প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের অভাব এই সংকটকে আরও জটিল করে তুলছে। গবেষণায় দেখা গেছে, ভারতের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশে মাত্র ৬.৯% রোগী কার্যকর চিকিৎসা পান। উচ্চমূল্য, দুর্বল পরীক্ষা ও নিয়ন্ত্রণহীন ব্যবস্থাই মূল বাধা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এভাবে চললে সাধারণ অস্ত্রোপচার ও ক্যান্সার চিকিৎসাও ঝুঁকির মুখে পড়বে। তবে ভারতের শক্তিশালী ফার্মা খাত সঠিক নীতি ও তথ্যভিত্তিক পদক্ষেপে সমাধানে ভূমিকা রাখতে পারে।
ইসরায়েল একদিনের জন্য গাজায় খাদ্য বিতরণ বন্ধ করেছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (GHF) সাইটে “পুনর্গঠন ও দক্ষতা বৃদ্ধির” কাজের কারণ দেখিয়ে। দুর্ভিক্ষে আক্রান্ত ফিলিস্তিনিদের সড়ক এড়াতে সতর্ক করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও মানবিক প্রবেশাধিকার চেয়ে একটি প্রস্তাবের ওপর ভোট দিতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ভেটো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৪,৫১০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,২৫,০০০ জন আহত হয়েছে।
দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে নতুন পাঁচ দেশ। নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া। প্রসঙ্গত, নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি আইনি বাধ্যগত যেমন— নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য পাঁচটি দেশ হচ্ছে— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। জানা গেছে, বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক কর ও ব্যয় বিলকে এলন মাস্ক ‘জঘন্য বিকৃতি’ বলে আখ্যা দিয়েছেন, যা আমেরিকার বাজেট ঘাটতি বিপজ্জনকভাবে বাড়াবে বলে তিনি মন্তব্য করেন। প্রশাসন ছাড়ার পর এটাই ট্রাম্পের বিরুদ্ধে মাস্কের প্রথম প্রকাশ্য অবস্থান। বিলটি কর ছাড় বৃদ্ধি ও প্রতিরক্ষা খরচ বৃদ্ধির পাশাপাশি ঋণের সীমা ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর অনুমতি দিচ্ছে। এটি আগামী অর্থবছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলারের ঘাটতি সৃষ্টি করতে পারে। মাস্ক ভোটারদের অনুগত না থাকা রাজনীতিবিদদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, প্রবাসী আয় সচল রাখতে বিশ্বের সব দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবি পার্টি। ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে সেবা ও জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই একটি রাজনৈতিক দলের মৌলিক কাজ। সেজন্য মালয়েশিয়াসহ শতাধিক দেশে অবস্থানরত সব প্রবাসীদের পক্ষ থেকে আমাদের চিহ্নিত মৌলিক, গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ সমাধানের জন্য লিখিত সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।
ব্যাংকগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নতুন টাকার নোট পাওয়া না গেলেও ঠিকই মিলছে গুলিস্তান কমপ্লেক্সের নিচে, বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা, সদরঘাট শাখার নিচে। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আরও ১০টি ব্যাংকের মাধ্যমে নতুন নোট সরবরাহ করার কথা। ব্যাংকগুলো হলো-সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে ব্যাংকগুলো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন জানিয়েছেন, আগামী ০৭ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ০৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন যথারীতি চলাচল করবে।
বিএনপি নেতা আমিনুল হক বলেন, জনগণ ও বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, আপনারা সংস্কার চান, আমরাও অনেক আগে থেকেই সংস্কার চাই। এদেশের সাধারণ মানুষ সংস্কার চায়। কিন্তু সেটা হতে হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের অধীনে। কারণ সংস্কার ও বিচারের নামে গত ১০ মাসে এখন পর্যন্ত আপনারা কোনো সংস্কার করতে পারেন নাই। আপনারা স্বৈরাচারের মিত্রদের বিচার করতে পারেন নাই। এছাড়া এই নেতা অর্থনৈতিক অবস্থার দুর্বলতা এবং অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে নির্বাচন প্রয়োজন বলে জানান।
তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে মস্কো। ওই আলোচনায় দুই পক্ষ যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয় এবং শান্তির প্রস্তাব হিসেবে একে অপরকে নিজেদের ‘স্মারকলিপি’ হস্তান্তর করে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সমাধানের বিষয়টি অত্যন্ত জটিল এবং এর সঙ্গে বহু সূক্ষ্ম বিষয় জড়িত। আরও বলেন, ‘তাৎক্ষণিক কোনো সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করাটা ঠিক হবে না। পেসকভ রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে বলেন, ‘নিকট ভবিষ্যতে সেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই।’ জানা গেছে, মস্কো ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারকে যুদ্ধবিরতি ঘোষণার পূর্বশর্ত হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান।
মঙ্গলবার পর্যন্ত ৮ দিনে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকেন্দ্রগুলোয় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৪৯০ জন। গাজা মিডিয়া অফিস একে ‘ইচ্ছাকৃত গণহত্যা’ এবং জাতিসংঘ এটিকে একটি পরিকল্পিত মৃদ্যুফাঁদ বলে বর্ণনা করেছে। এদিকে রাফাহর ত্রাণকেন্দ্রে রোববারের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার বিকালে ভারত থেকে ৫টি ট্রাকে ছোট-বড় মোট ৯৫টি মহিষ বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে ৫৫টি বড় এবং ৪০টি বাছুর প্রজননের জন্য। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে। জানা গেছে, সাভার প্রাণিসম্পদ ও গবেষণা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেছে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। প্রসঙ্গত, শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হয়েছে মহিষগুলো।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।