মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় সহিংস, উসকানিমূলক দাঙ্গা মোকাবিলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার ছিল। আমরা যদি এমনটা না করতাম, তা হলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত।’ প্রসঙ্গত, অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। সেখানে তৃতীয় দিনের মতো চলছে সহিংস আন্দোলন। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর সেনা মোতায়েনের নির্দেশ বাতিলের জন্য ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। আরেকজন ডেমোক্র্যাটিক গভর্নর প্রেসিডেন্টের নির্দেশকে 'উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার' বলে উল্লেখ করেছেন।
পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। জানা গেছে, মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার হজ মিশনে। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ হজযাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে ভিড় দেখা গেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। তবে, অন্যান্য ঈদের চাইতে এ বছর জাফলংয়ে ঈদের দিন থেকেই প্রত্যাশা অনুযায়ী আশানুরূপ পর্যটক আসতে দেখা যায়নি। সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং ছাড়াও বিছনাকান্দি ও রাতারগুলসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও এবার প্রত্যাশার চেয়ে অনেকটাই কম দর্শনার্থী বেড়াতে এসেছেন। ঈদের দিন থেকে শুরু করে সোমবার ঈদের তৃতীয় দিন পর্যন্ত হাজারো পর্যটক সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে এসেছেন। এর মধ্যে জাফলংয়ে সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে এসেছেন। এছাড়াও প্রকৃতির অপ্সরাখ্যাত বিছনাকান্দি ও জলারবন রাতারগুলেও ছিল পর্যটক।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬০ জন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ ফিলিস্তিনি। এর মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের কাছে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ফলে ২৩ সালে যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৪ হাজার ৯২৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ ২৬ হাজার ২২৭ ফিলিস্তিনি।
ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ২০ হাজার অ্যান্টি-ড্রোন ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন প্রতিশ্রুতি থাকলেও এগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজ দেশের সেনাদের জন্য পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি চুক্তি হয়েছিল। এগুলো রাশিয়ার বহুল ব্যবহৃত ইরানি নকশায় তৈরি শাহেদ ড্রোন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজন ছিল ইউক্রেনের। এদিকে সোমবার রাতেও ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মাত্র এক রাতে ৪৭৯টি ড্রোন ও ২০টি মিসাইল ছুড়েছে রাশিয়া, যা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় রাতের হামলা।
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায় জনমনে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি করেছে, এতে সরকার তার নিজের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ডিসেম্বরের নির্বাচনকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কোন উদ্দেশ্য বাস্তবায়নে জন্য এবং কোন দলের সহযোগিতা নিয়ে এপ্রিল মাসের কথা বলছেন, এর ভিতরে কি ষড়যন্ত্র রয়েছে, কোন দোসররা জড়িত রয়েছে, কী উদ্দেশ্য রয়েছে; জাতি তা জানতে চায়।
বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে সফরে গিয়েছেন। পত্র-পত্রিকায় এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উনার সাক্ষাৎ হতে পারে। এটা খুশির সংবাদ। এ্যানি বলেন, একটা নির্বাচনের প্রত্যাশা করছি। এপ্রিল মাসে ভোট হলে, রোজার মধ্যে আমাদের প্রচারণা আসলে হয় না, তখন পরীক্ষা, তখন ঝড়-তুফান থাকে। আমরা আশা করছিলাম সরকারের কাছে রোজার আগেই ভোটটা হয়ে যাক। এটা বিবেচনার দাবি রাখে, সরকারের চিন্তা করা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা সবাই মিলে যেভাবে ঐক্যের জায়গায় এসেছি। যেভাবে সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে একত্রিতভাবে ঐক্য স্থাপন করেছিলাম, সেটা শক্তিশালী হবে। একটা সুদৃঢ় ঐক্য বাংলাদেশ এই মুহূর্তে প্রয়োজন।
যুক্তরাজ্যে সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের টিউলিপ সিদ্দিকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার শাসনামলের দুর্নীতির অভিযোগে যুক্ত হয়ে যুক্তরাজ্যে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান টিউলিপ। ঢাকার আদালত তাকে এবং আরও ৫২ জনকে জমি ও সম্পত্তি কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। টিউলিপ অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। ড. ইউনূস লন্ডনে রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
লক্ষ্মীপুরে হামলায় জামায়াত নেতা কাউছার আহম্মদ মিলনের (৬০) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩২ জনকে আসামি করা হয়েছে। বিএনপির আসামিদের বিচারের দাবিতে সমাবেশ করে আসছে জামায়াত। এদিকে বিএনপি বলছে, সামাজিক অবক্ষয়ে চুরি ও মাদক নিয়ে মারামারি হয়েছে। পরে মাওলানা কাউছারের মৃত্যু হয়েছে। এটি প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী একটি স্বাভাবিক মৃত্যু। বিষয়টি নিয়ে সামাজিক নিষ্পত্তি বা জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ রাজনৈতিক সহাবস্থানের ওপর জোর দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা।
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় অন্তত ১ লাখ ১৬ হাজার গ্রাহক। নিয়ম করে দৈনিক ৮ থেকে ১০ বার লোডশেডিংয়ের ফলে দিনে-রাতে অন্তত ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। বাকি সময় নামমাত্র বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও লো-ভোল্টেজের কারণে সিলিং ফ্যান-এসি-মোটর ও ফ্রিজের কম্প্রেশারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নিতীশ শাহা জানালেন, ইচ্ছে করে লোডশেডিং করছেন না বরং লো-ভোল্টেজ সরবরাহের কারণে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে।
সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের ২৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর, গরু এবং খাবার লুটের খবর পাওয়া গেছে। জানা গেছে, ইমরান মুন্সির ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানের আয়োজন ছিল। লিটন মাতুব্বর দলের কিছু যুবক ছেলে অনুষ্ঠানে গান শুনতে আসে। এ সময় সাউন্ড কমানো ও গান নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এর জের ধরে গ্ৰামব্যাপী সংঘর্ষ ছড়িয়ে যায়!
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ১৫ বছরের চরম অব্যবস্থাপনার পর দেশের চামড়া শিল্প পুনরুদ্ধারে সরকার কাজ করছে। অবৈধ সিন্ডিকেট ভাঙা, এতিমখানা ও মাদ্রাসার স্বার্থ রক্ষা এবং লবণ বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার মণ লবণ বিতরণ ও ট্যানারি মালিকদের ২২০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজার স্থিতিশীল করাই সরকারের লক্ষ্য।
শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত মার্কিন অভিবাসন দফতর ১১৮ জনকে গ্রেফতার করেছে। এ ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে এবং বিক্ষোভের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস শহরে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওরা থুতু ছিটিয়েছে, মেরেছে। আপনারা জানেন যে, এটা ওদের নতুন কায়দা। কেউ আমাদের পুলিশ কর্মকর্তা, সেনার দিকে থুতু মারবে, এটা মেনে নেওয়া হবে না। এদিকে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গাভিন নিউসাম। রোববার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন।
গত বছরের ১৮ জুলাই স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো কিশোর মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মুবিন অর্থাভাবে স্থায়ীভাবে অন্ধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শরীয়তপুরে মুবিনের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার আশ্বাস দেন। বিএনপি সরকারকে আহত আন্দোলনকারীদের চিকিৎসা নিয়ে অবহেলার জন্য দায়ী করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে।
গাজার উদ্দেশ্যে যাত্রা করা ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজটি আটক করেছে ইসরাইলি বাহিনী, এবং গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মীকে আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে ১৮৫ কিমি দূরে জাহাজটি থামিয়ে দেওয়া হয়। ত্রাণসামগ্রী বহনকারী এ জাহাজের যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় ইসরাইল। আটককৃতদের মধ্যে ফ্রান্স, ব্রাজিল, স্পেন ও তুরস্কের নাগরিকরা রয়েছেন। ফ্রান্স নাগরিকদের দ্রুত ফেরতের দাবি জানায় এবং তুরস্ক একে ‘জঘন্য হামলা’ বলে মন্তব্য করে। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।