ইরানের ৮টি শহরে শুক্রবার ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন আরেক দফায় ইরানের শিরাজ ও তাবরিজ শহরে হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কয়েক মিনিট আগে পূর্ব আজারবাইজান প্রদেশে নতুন বিস্ফোরণ ঘটেছে। তবে ইসরাইল এখনো নতুন হামলা নিয়ে মুখ খুলেনি!
শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। কুশল বিনিময়ের পর তারেক রহমান ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন। উপহার দেওয়া বই দুটি হলো গ্রেটা থুনবার্গের “No One is Too Small to Make a Difference” এবং মোনা আরশি ও কারেন ম্যাককার্থি উলফ সম্পাদিত “Nature Matters: Vital Poems from the Global Majority”, যেগুলো বৈশ্বিক ন্যায় ও পরিবেশ সচেতনতার প্রতিফলন বহন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। এখন থেকে দর্শনার্থীরা ৩০ টাকার টিকিটে সহজেই ভেতরে প্রবেশ করতে পারবেন। এর আগে একটি হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে গত ১১ জুন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে কাছারি বাড়ির মূল ফটকে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
লন্ডনে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন। ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে শুরুর আগে বিএনপির শীর্ষ নেতারা ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। একান্ত এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। সেখানে বিভিন্ন বিষয়ে ড. ইউনূসের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন তারেক।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই, তিনি ইচ্ছামতো ফিরে আসতে পারেন। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বৈঠকে রাজনৈতিক ও নির্বাচনী সব বিষয়েই আলোচনা হয়েছে। কেবল নির্বাচন নয়, নির্বাচন-পরবর্তী ঐক্য ও সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে এনসিপির নির্বাচন ইস্যু আলোচনার সুযোগ ছিল না। উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।
কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময় মতো না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শ্বশুর আলিনুর দাড়িয়াকে জানায়। আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুই গ্রামের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
ইরান জানিয়েছে, ইসরাইল ছয়জন পরমাণুবিজ্ঞানীকে হত্যা করেছে এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে। আর এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। ইরান বলেছে, এমন শিকারি রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভাষা ছাড়া কথা বলা উচিত নয়। আরও বলেছে, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়ার বিষয়টি এখন বিশ্ব আরও ভালোভাবে বুঝতে পারছে।’ এদিকে হামলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে। তিনি বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচানের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।
ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ইরান আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়ছে ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে। এর কারণ হলো, ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হুমকি দিয়েছে, ইরানে যদি মার্কিন বা ইসরাইলি হামলা হয়, তাহলে মার্কিন ঘাঁটিগুলো, বিশেষত ইরাকের, ‘বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে’। তবে ইরাক সরকার গোষ্ঠীগুলোকে প্রতিক্রিয়া না দেখানোর জন্য আলোচনা চালাচ্ছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরাইলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে আঙ্কারা বলেছে, এ ধরনের কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড। এদিকে সৌদি বলছে, ‘সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।’
প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বেগম খালেদা জিয়াও তাই চান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, গত ১৬ বছরে ‘আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল বলেই আজকের এই পরিণতি। আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি।’ তিনি বলেন, ২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি, ‘সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না।’ বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন আবদুল হামিদ। তার শ্যালক নওশাদ খান এসবের পাশাপাশি জানান, আবদুল হামিদ পুরোপুরি পারিবারিক আবহেই আছেন। রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এ সময়সীমার পক্ষে। জবাবে ইউনূস জানান, এপ্রিলের প্রথমার্ধে ভোটের পরিকল্পনা রয়েছে এবং প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও ভোট হতে পারে। তবে এর জন্য সংস্কার ও বিচারে অগ্রগতি জরুরি। বৈঠকে দুই নেতা সন্তোষ প্রকাশ করেন এবং পরস্পরকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে লন্ডনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে সেখানকার একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যকার উত্তেজনার জেরে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই ১১৪ ধারা বলবৎ থাকবে। এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের বিরুদ্ধে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।