ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি জানিয়েছেন, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলের হামলার পর ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রেক্ষাপটে দেশটিতে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। তিনি লেখেন, ‘দ্য বিমস আর অন’- অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। এর আগে, শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশজুড়ে ইন্টারনেটে ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে। ফলে তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদমাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না।
যুক্তরাষ্ট্রে ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন সামান্য কমে ১ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ব্যারেলে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইআইএ। রিগের সংখ্যা কমা ও ধীরগতির খনন কার্যক্রম এ হ্রাসের মূল কারণ। পারমিয়ান বেসিন থেকে শেল তেল উত্তোলন কমলেও সামান্য বাড়তে পারে সমুদ্রবর্তী অঞ্চলের উৎপাদন। বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির গতি কমে যাচ্ছে এবং সরবরাহ বেড়ে যাওয়ায় বৈশ্বিক মজুদও বাড়তে পারে।
১৭ জুন সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হবে। ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত। কমিশন জানিয়েছে, বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘এ বছর ঈদুল আজহায় যাতায়াত, কুরবানি, কুরবানির মাংসসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য যেকোনো বছরের তুলনায় সার্বিকভাবে ভালো ও স্বস্তিদায়ক ছিল।’ উপদেষ্টা বলেন, স্বস্তির বিষয় হলো- এ বছর কুরবানিতে প্রতিবেশি কোনো রাষ্ট্র থেকে গবাদি পশু আমদানি করা হয়নি; এর ফলে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে। তিনি বলেন, এতিমখানা ও মাদ্রাসা কুরবানির পশুর চামড়া নিয়েছে। সরকারের পক্ষে বিনামূল্যে লবণ সরবরাহ করা হলেও পশুর চামড়া সংরক্ষণে অভিজ্ঞতা না থাকার ফলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। চামড়ার দাম কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও পূর্বের যেকোনো বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিল।
শুক্রবার গভীর রাতে দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা মারিনা পিনাকল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৭৬৪টি ফ্ল্যাট থেকে ৩,৮২০ জনকে নিরাপদে সরিয়ে নেয়। কোনো হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্তদের জন্য মেডিকেল ও মানসিক সহায়তা এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবনের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্থানীয় প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।
শনিবার গভীর রাতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ভারতে একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর যুদ্ধবিমানটি কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, পাইলট জ্বালানি কম থাকার কথা জানিয়ে অবতরণের অনুমতি চেয়েছিলেন। সবকিছু দ্রুত এবং পেশাদারভাবে পরিচালনা করা হয়েছিল।
দ্বিতীয় দিনের মতো রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে অবস্থান করছেন কোভিড-১৯ ইআরপিপি প্রকল্পের কর্মীরা। তারা বলেন, মহামারিতে সেবা দিলেও এখন অবহেলিত হচ্ছেন, অথচ আবারও সংক্রমণ বাড়ছে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বক্তারা অভিযোগ করেন, তাদের নির্মিত কোভিড ল্যাব ও আইসিইউ চালাতে অন্যদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে, যা তারা মেনে নেবেন না।
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচটি যানবাহনের সংঘর্ষে এক হাইওয়ে ট্রাফিক পুলিশ সদস্য ও এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে গোপীনাথপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে বিভিন্ন জেলার যাত্রী রয়েছেন, যাদের কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে যখন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়, ফলে আরও কয়েকটি যানবাহন একে একে জড়িয়ে পড়ে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পে ৩১৭ জন চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে চাইল্ড রাইটস অফিসার, কমিউনিটি হাব অর্গানাইজার, অফিস সহায়ক, নিরাপত্তাপ্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মী। যোগ্যতা অনুযায়ী ন্যূনতম অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত চাওয়া হয়েছে। সর্বাধিক ২৫০টি পদ খালি রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার পদের জন্য। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ জুন এবং চলবে ২৫ জুন, ২০২৫ পর্যন্ত।
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। বাত ইয়াম শহরের একটি আবাসিক ভবনে হামলার পর নিখোঁজ রয়েছে ৩৫ জন। ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ হামলাকে “অপরাধমূলক হামলা” বলে নিন্দা জানিয়ে একে “দুঃখজনক ও কঠিন সকাল” হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ইসরাইল ইরানে হামলা চালিয়ে ছয় বিজ্ঞানীসহ ৭৮ জনকে হত্যা করে। এর জবাবে ইরান টানা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিচ্ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর বলেছেন, ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফ সশস্ত্র পদযাত্রা করবে ইসলামাবাদ অভিমুখে। গান্ডাপুর বলেন, ‘আমাদের দিকে গুলি ছোড়া হলে আমরাও গুলিতে জবাব দেব—শুধু পাল্টা গুলি নয়, সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিঘাত করব।’ আরও জানান, ইমরান খানকে পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণা করা হয়েছে এবং তিনিই আসন্ন দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবেন। জানা গেছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর ইতোমধ্যেই আগামী ২২ জুন সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। গান্ডাপুর এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।
আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পাশাপাশি শনিবার রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের গোষ্ঠী হুথি। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুথিরাও বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, হুথিদের হামলায় বেশ কয়েকটি ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার তারা ইসরাইলকে লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
ঈদ পরবর্তী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। সিইসি বলেছেন, ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে রেফারির মতো, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। তিনি বলেন, আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর। আরো বলেন, যত কাজ বাকি আছে তা সবাই মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। নাসির উদ্দিন বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গতভাবে কাজ করার।
কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনে যোগদানের পথে সিয়াটলে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের সামরিক সংঘাতে অস্ট্রেলিয়ার কোনও ভূমিকা নেই। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে কোনও অনুরোধ আসেনি। জানা গেছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে স্থানীয়ভাবে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা প্রদান করছে। এদিকে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।