দখলদার ইসরাইলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন। হামলায় আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি। এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান।
ইরান ও ইসরাইল দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি অর্থনৈতিক সম্পর্ক খুব বেশি নেই। তবে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে পারে। আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে তিনটি খাতে প্রভাব পড়বে। প্রথমত, জ্বালানি তেলের দাম বাড়লে সব খাতে প্রভাব পড়বে। দ্বিতীয়ত, প্রভাব ফেলবে বৈদেশিক শ্রমবাজারে। সর্বশেষ হরমুজ প্রণালি বন্ধ হলে জ্বালানি খাতসহ পুরো আমদানি পণ্য সরবরাহে প্রভাব পড়বে। প্রসঙ্গত, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে!
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৪) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছে। জানা গেছে, শনিবার রাতে রাজুসহ ৪-৫ যুবক ঘাগড়া ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যায়। এসময় সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চজঙ্ঘা বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে সকলে পালিয়ে আসলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। পরে বাড়ি ফিরলে হাসপাতালে নেওয়ার পথে রাজু মৃত্যুবরণ করেন। তবে হার্ট অ্যাটাকে মারা গেছেন নাকি পায়ে গুলিবিদ্ধ হওয়ার ফলে, এ নিয়ে দ্বিধা রয়েছে! জানা গেছে, পূর্বেও রাজু দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন।
দায়িত্বে থাকাকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালী জামান ও দুই ছেলে তানজীব নওশাদ পল্লব এবং তানভীর নওশাদ অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। জানা গেছে, সড়ক ও মহাসড়কের হাজারো গাছ বিক্রি ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি লোপাট করেছেন পিকুল। দায়িত্ব থাকাকালে নিয়োগ বাণিজ্য, জমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা আত্মসাতের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন করেছেন।
রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দানকারী জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি লিয়াকত আলী জানান, জাকারিয়া নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতারণাসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলেন। রূপগঞ্জের কয়েকটি মামলার আসামি তিনি। শুধু তাই নয়, তার প্রোফাইল পিকচারে পুলিশের পোশাক পরিহিত ছবি ও পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মানিকগঞ্জের সিংগাইরের এক সৌদি প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট আটকে রেখে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা শাখার ওসি মোশারফ হোসেনের বিরুদ্ধে। রোববার ভুক্তভোগী মোহাম্মদ মোশারফ হোসেন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, গত ২৪ মে মোশারফ হোসেনকে জেলা ডিবি অফিসে ডেকে নেন ওসি। এ সময় তার বিরুদ্ধে প্রতিবেশীর একটি লিখিত অভিযোগ রয়েছে মর্মে তদন্তের কথা বলে সৌদি ভিসাযুক্ত পাসপোর্ট ও বিমানের টিকিট জব্দ করেন। এর আগের দিন এই প্রবাসীসহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমানকে আটকে রাখা হয়।
দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। নিট রিজার্ভও বেড়ে দুই হাজার ৭৭ কোটি ডলার হয়েছে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্বব্যাংকের ঋণ বাবদ ২৫ কোটি ডলার ছাড় করায় রিজার্ভ বেড়েছে। এমনকি ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে।
এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, ‘আমি কয়েক বছর হাসিনার শাসন দেখেছি। কিন্তু স্বপ্নেও ভাবিনি খুব সহজে এই সরকারের পতন ঘটবে। তরুণরা জুলাইয়ে এটা করে দেখিয়েছে। ৫ আগস্টকে আমরা কখনো ভুলে যাব না। হেলিকপ্টার উড়ে যাচ্ছিল হাসিনা। এই পতনে ১৫ বছরের স্বৈরশাসনের ইতি ঘটেছে। এই পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ বিপ্লবের দেখা পেয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের ৫ আগস্ট অন্য একটি কারণে আরও ভিন্নতা পেয়েছে। এই বিপ্লবের পর বিপ্লবের নেতারা ক্ষমতা এবং সিংহাসন নিয়ে মারামারি করেনি। তারা ড. মুহাম্মদ ইউনূসকে নেতৃত্বের জন্য বেছে নিয়েছে। আরো বলেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর উচিত গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া নির্মাণে অন্তর্বর্তী সরকারকে চাপ না দিয়ে সহযোগিতা করা।
'নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন' উল্লেখ করে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, এতে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ। অর্থনৈতিক প্রবৃত্তি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিরোধীতা প্রসঙ্গে মিন্টু বলেন, দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে যার বেশিরভাগ ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল ইসরায়েল। আর এতে ভেটো দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনও আমেরিকানকে হত্যা করেছে? না। তারা হত্যা না করা পর্যন্ত আমরা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করার কথাও ভাবছি না। তিনি জানান, ইসরাইল ঘন ঘন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ রাখছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, খামেনিকে হত্যাচেষ্টার পরিকল্পনায় সরাসরি ট্রাম্প ভেটো দিয়েছেন কিনা তা নিশ্চিত নন।
ইসরাইলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন।
বাগেরহাটের পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে সম্মেলন স্থগিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা এলে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
রবিবার সকাল ছয়টার দিকে মানিকগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পরে বিকাল সোয়া ৪টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম তার নিজের ফেসবুক পেজে মিছিলের ছবি এবং ভিডিও পোস্ট করেন। মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাহারভুক্ত আসামি। তাকে পেলেই গ্রেফতার করা হবে।
রোববার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আসামি সাইদুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করেছিলেন তিনি। জানা যায়, সূর্যমুখী সেলে ছিলেন তিনি। ওই সেলের জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। সাইদুর রহমান সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ইরানের তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানকার বিচার মন্ত্রণালয় ভবনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকালে জনবহুল তাজরিশ ও কুদস স্কয়ার, শরিয়তি অ্যাভিনিউ এবং ভালিয়াসর স্কয়ারে হামলার ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, হামলায় ওই এলাকার পানির পাইপ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি ভিডিওতে বিচার মন্ত্রণালয় ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে। হামলায় অনেকেই হতাহত হয়েছেন!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।