সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মচারীরা। বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগে গতকাল আইন উপদেষ্টা বলেছেন, অধ্যাদেশটি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে।
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে। এর আগে গতকাল ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন।
এক খোলা চিঠিতে ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। চিঠিতে আরো বলা হয়েছে, যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আশু যুদ্ধবিরতি প্রয়োজন।
১৩ জুন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সকালে সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া-লোহাগাড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এরপর বিকেলে চট্রগ্রাম মহানগর আমিরের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। এই ঘোষণার পর তার অনুসারীরা অনেকটাই হতভম্ব! স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তাকে কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে এরমধ্যে কেউ কেউ বলছেন, গণঅভ্যুত্থানের পর তিনি অনেক বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য এবং তার অনুসারীদের অপরাধের অভিযোগ উঠে! এটি হতে পারে এর প্রতিক্রিয়া!
সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশে রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তবে জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করায় টুর্ক প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেন। তিনি রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে অগ্রগতির প্রশংসা করে বলেন, আমি সংস্কারের ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতির আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়।’
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতার বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আবদুল আউয়ালের সঙ্গে শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার শিমরাইল সাতপাড়া এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ উপস্থিত হয়েছে।
তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে বাংলাদেশ মিশন ভবনের ১ কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্রসহ কমপক্ষে দুটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। সেগুলোতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন, আশপাশে বসবাসরত কূটনৈতিক-স্টাফ এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে। আরো বলা হয়েছে, তাদেরকে শহরের ৩০-৪০ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে। জানা গেছে, এমতাবস্থায় দূতাবাস জরুরি হটলাইন সেবা চালু করেছে।
লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা পালটা হামলা চলছে। এতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই এই বৈঠক ডেকেছেন তিনি। এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন!
সোমবার কক্সবাজারের টেকনাফ মৌচনী ক্যাম্পে স্বজাতির গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. আলমগীর (১৯)। জানা যায়, ডি ব্লকের মো. আলমগীরের সঙ্গে সি ব্লকের রোহিঙ্গা যুবক নুরুল আলমের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আলম তাঁর হাতে থাকা ওয়ান শুটারগান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে স্থানীয় জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রথমে তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করার পর এবার বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগাযোগের জন্য ঢাকাতেও হটলাইন চালু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন: ১। +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ২। +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ ও দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যেভাবে ঘটনাটিকে ‘সাম্প্রদায়িক আক্রমণ’ হিসেবে প্রচার করছে, তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আক্রমণ চরমপন্থিদের দ্বারা সহনশীলতার প্রতীক মুছে ফেলার এবং বাংলাদেশের সমন্বয়বাদী সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিশ্চিহ্ন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।’ এছাড়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দাবি করেছে যে এটি ‘মোহাম্মদ ইউনূসের সরকারের নীরব দৃষ্টিতে’ ঘটেছে। এক বিজেপি এমপি এর দায় জামায়াত ও হেফাজতকে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান যুদ্ধে ইরানে পারমাণবিক নয় এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। একটি ভুয়া বিবৃতির প্রসঙ্গ টেনে পাকিস্তান জানিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে পাকিস্তান নাকি ইরানের পাশে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে ‘পারমাণবিক প্রতিক্রিয়া’র হুমকি দিয়েছে। কর্মকর্তারা বলেন, পাকিস্তান সামরিকভাবে ইরানের সঙ্গে এই সংঘাতে জড়াচ্ছে—এমন ধারণাও সম্পূর্ণ মনগড়া। একে ভারতের প্রোপাগান্ডা বলে অ্যাখ্যা দিয়েছে পাকিস্তানের কর্মকর্তারা।
জি-৭ সম্মেলনে আলোচনায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রস্তাবটি প্রথমে সংঘর্ষ থামিয়ে পরে বৃহত্তর আলোচনায় যাওয়ার আহ্বান জানায়। ম্যাক্রোঁ বলেন, এ ধরনের সমঝোতায় ফ্রান্স সমর্থন জানাবে। এদিকে, ট্রাম্প তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার আহ্বান জানান এবং বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকার দেওয়া যাবে না। তবে, তিনি ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে জি-৭ সম্মেলনের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে রাজি হননি।
মঙ্গলবার চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশে উটচ্যাটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’ নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।