রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান ইরান-ইসরাইল সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছেন। তিনি ইসরাইলে প্রায় ২০ লাখ রুশভাষীর উপস্থিতি এবং মুসলিম বিশ্বের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে সমতা ও কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পুতিন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি সরাসরি অংশগ্রহণের বদলে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশের ব্যাংক খাত মারাত্মক সঙ্কটে পড়েছে, মন্দ ঋণ বেড়ে যাওয়ায় প্রভিশন ঘাটতি মার্চ ২০২৫-এ দাঁড়িয়েছে রেকর্ড ১ লাখ ৭০ হাজার ৬৫৫ কোটি টাকায়। ব্যাংকগুলোর মূলধন নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, ফলে বিনিয়োগ সক্ষমতা কমেছে। আগের সরকারের সময় লুটপাট ও দুর্নীতির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংস্কার শুরু হলেও পাচার হওয়া অর্থ আদায় না হওয়ায় আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এতে ব্যাংকগুলোর মুনাফা কমে যাচ্ছে এবং ঋণের সুদের হার বেড়ে পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন চালিয়েছে। কিন্তু এই নজিরবিহীন স্বচ্ছতা ও সহযোগিতার প্রতিদান হিসেবে তেহরান সাহায্য না পেয়ে বরং বোমাবর্ষণের শিকার হচ্ছে। তিনি বলে, বিপরীতে ইসরাইল এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেনি। ফলে দেশটির ওপর আইএইএ’র পূর্ণাঙ্গ পরিদর্শন ব্যবস্থা কার্যকর নয়।
ইসরাইলি আগ্রাসনের অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে পাকিস্তান, চীন ও রাশিয়া। অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে এই তিন দেশ। যুদ্ধ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে বলেন, ‘ইরানি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ এক বিপজ্জনক মোড়ের সূচনা।’ তিনি বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং ‘গম্ভীর ও ধারাবাহিক কূটনৈতিক আলোচনার’ প্রয়োজন রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের মূল পারমাণবিক কেন্দ্র ফোর্ডো, নাতানজ ও ইসফাহানে সফল হামলা চালানো হয়েছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রসঙ্গ উল্লেখ না করেই ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ওআইসি। সংস্থাটি এক যৌথ বিবৃতিতে ইসরাইলকে অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ওআইসি বলেছে, ইসরাইলের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী নীতিমালা’ এবং ‘ইরান, সিরিয়া ও লেবাননে সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রকাশ্য লঙ্ঘন’। সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল আমাদের প্রতি একটি বড় সীমারেখা অতিক্রম করেছে। ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে—যেকোনো প্রয়োজনীয় উপায়ে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এখন এই বিমানবন্দরগুলো থেকে বিমান উড্ডয়ন ও পরিচালনা সম্ভব না। তারা দাবি করছে, দূর থেকে চালিত বিমান ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। এছাড়া এক্স পোস্টে এক ছবি যুক্ত করে বলেছে, তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আরও বলেছে, ‘এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।'
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। তিনি বলেন, উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা আটক হয়েছেন। তাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল কেবল পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। হেগসেথ বলেন, এই হামলা ‘যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরাইলের স্বার্থ রক্ষা’ এবং ‘আমাদের সেনাদের সুরক্ষা’ নিশ্চিত করতেই চালানো হয়েছে। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে’।
ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। চ্যানেল-৩ মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে। যেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিও রয়েছে। খামেনি সমর্থিত কেহান পত্রিকার প্রধান হোসেইন শরিয়তমাদারি লেখেন, ‘এখন আমাদের পালা, প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ওপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার। ’ এছাড়া তিনি হরমুজ প্রণালি বন্ধের আহ্বান জানান। এদিকে ইরানের সাংসদ হামিদ রাসাইও বলেন, ইরানকে অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে।
থানায় রক্ষিত এইচএসসি প্রশ্নপত্রের বাক্স খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় নওগাঁর ধামইরহাট থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।। এর আগে একই ঘটনায় আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল। জানা গেছে, প্রশ্নের কয়েকটা বাক্স হাজতখানায় রাখা হয়। ঐ রাতেই ঐখানে এক মাদক আসামিকে রাখা হয়। সে প্রশ্নের বাক্স খুলে প্রশ্নপত্র ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়। যা পরদিন সকালে পুলিশের নজরে আসে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এই একশন নিয়েছে প্রশাসন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক সিইসি নূরুল হুদার যেটা হয়েছে, মানে গলায় এটা–সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপার অ্যাকশন নেবে।’ আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি কেউ জড়িত থাকেন, আইনানুগ ব্যবস্থা নেব।’ উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষিজমি সুরক্ষার জন্য একটি আইন করতে যাচ্ছি, যাতে কৃষিজমি দখল না হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আবু সাঈদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত শুক্রবার উভয় পক্ষ অস্ত্র প্রদর্শন করে। পরে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর দিকে গুলি ছুঁড়লে পাল্টা প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।
দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। বাস্তাবয়ন হলে স্কুলে খাবার পাবে প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা। আর এই প্রকল্প বাস্তবায়নে ৩০ জুনের মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নির্দেশনায় কক্সবাজার ও বান্দরবান জেলা ব্যতীত বলা হয়েছে।
হোয়াইট হাউসের ওভাল অভিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে স্থানীয় সময় সোমবার বিকেলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং ট্রম্পের তেহরানকে দিক পরিবর্তন না করলে শাসনব্যবস্থা পরিবর্তনের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, ট্রাম্পের প্রাথমিকভাবে সোমবার হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের কথা ছিল, কিন্তু এখন মঙ্গলবার তিনি রওনা হবেন।
ইরান-ইসরাইল সংঘাতের কারণে উত্তেজনা ও আতঙ্কের ফলে ইসরাইলে বসবাস করা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক এ৪০০এম বিমান পাঠাচ্ছে। জানা গেছে, এই সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।