অবশেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। বুধবার দুপুর ২টার দিকে মগবাজার এলাকার থেকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ২২ জুন রাতে পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা জানান, হাবিবুল আওয়ালকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। যদিও ডিবির পক্ষ থেকে ওই রাতেই বিষয়টি অস্বীকার করা হয়। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টাও গ্রেফতার করা হয় নি বলে জানান।
বুধবার সকালে ইরানে আরও তিনজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরকৃত তিন মোসাদ গুপ্তচর হলেন- এদ্রিস আলী, আজাদ শোজায়ী ও রসুল আহমাদ। তারা ইরানি ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে দেশটিতে সরঞ্জাম আমদানি করেছিলেন বলে অভিযোগ। মেহের নিউজ জানিয়েছে, এই তিনজন গুপ্তচর তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হন এবং বুধবার ইরানের উরমিয়া শহরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল একটি ইতিহাস গড়া বিজয় অর্জন করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে। তিনি বলেন, ইসরাইল দুটি অস্তিত্ব সংকটের হুমকি সরিয়ে ফেলেছে — একটি পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ধ্বংসের আশঙ্কা এবং অন্যটি ছিল ইরানের তৈরি ২০ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদি এখন আমরা পদক্ষেপ না নিতাম, ইসরাইলের ধ্বংস সন্নিকটে ছিল। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের যে হামলা ইরানের ওপর চালানো হয়েছে, সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। তিনি মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানান, যারা তার ভাষ্যমতে ফর্ডো নামের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করেছে। তার ভাষায়, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নালায় পাঠিয়ে দিয়েছি। ইরান যদি পুনরায় তা চালু করার চেষ্টা করে, আমরা একই শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানাব।
বুধবার সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। জানা গেছে, আজ আলোচনা হবে পাঁচ দিনের অমীমাংসিত বিষয় রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, এনসিসি গঠন কাঠামো ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলো।
নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার ইরানী এদিন রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কয়ারে জড়ো হন। তারা ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিরোধকারী ইরানি সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা- ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘শিশুহত্যাকারী ইসরাইল নিপাত যাক’ এবং ‘সমঝোতা নয়, আত্মসমর্পণ নয় — আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম চলবে’ ইত্যাদি বলে স্লোগান দেন।
গত ১৩ জুন ইসরাইল-ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরাইলি ট্যাক্স অথরিটির অধীন ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক ৩৮,৭০০টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ছিল ৩০,৮০৯টি ভবনের ক্ষতি, ৩,৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪,০৮৫টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য। আনুমান করা হচ্ছে, আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। এদিকে, ইসরাইলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরাইলের তেলআবিবেই ২৪,৯৩২টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দি জানান, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০৬ জন ইরানি শহীদ হয়েছেন এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের ২৪ ঘণ্টা ছিল সবচেয়ে ভয়াবহ, এই সময়ে শহীদ হয়েছেন ১০৭ জন এবং আহত হয়েছেন ১,৩৪২ জন। আরও জানান, শহীদদের ৯৫ শতাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। আর মাত্র ৫ শতাংশ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সাংগঠনিক অচলতা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে ৩ নেতা হঠাৎ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। পদত্যাগীরা হলেন- মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা। তারা লেজুড়বৃত্তিক রাজনীতি এবং দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যেরও অভিযোগ তুলেছেন নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদল। জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদের সদস্য ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। প্রসঙ্গত, গতকাল জামায়াত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাস জানিয়েছেন, যদি গাজার পরিস্থিতি না বদলায়, তবে আগামী মাসেই ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ক্যালাস বলেছেন, ‘গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে, তা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। জরুরি হলো ফিলিস্তিনিদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করা, তাদের কষ্ট কমানো।’ জানা গেছে, স্পেন ইসরাইলের সঙ্গে থাকা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি সম্পূর্ণ স্থগিত করার আহ্বান জানিয়েছে। এ নিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে মানুয়েল আলবারেস বলেছেন, ‘ইসরাইল আমাদের বন্ধু হতে পারে; কিন্তু তাদের সঙ্গে সদ্ভাবে কথা বলা দরকার। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এজন্য তাদের জবাবদিহি করতে হবে।’
ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার কারণে ক্ষমতার অপব্যবহারের একক অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এপি জানিয়েছে, টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রীন অভিশংসনের এই প্রস্তাব উত্থাপন করলেও এতে খুব একটা বিতর্ক হয়নি। বরং তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির অনেক সদস্যও রিপাবলিকানদের সঙ্গে একত্রিত হয়ে অভিশংসনের প্রচেষ্টাটি বাতিলের পক্ষে ভোট দেন। এর আগে গ্রীন বলেন, ‘আমি এটি করছি কারণ, একক কোনো ব্যক্তির হাতে থাকা উচিত নয় ৩০ কোটির বেশি মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা—সংযুক্ত রাষ্ট্রের কংগ্রেসকে উপেক্ষা করে।’ আরও বলেন, ‘আমি এটি করছি কারণ আমি বিশ্বাস করি সংবিধান হয় অর্থবহ হবে, নতুবা তা অর্থহীন হয়ে যাবে।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকাটির বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৮৯ জন। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। আরো জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরাইলি বাহিনীর গুলি ও গোলাবর্ষণে অন্তত ৫১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭৯৯ জন।
গাজার খান ইউনিসে হামাসের অভিযানে দখলদার ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গেছে, ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে হামাস। হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ রয়েছেন। খান ইউনিসের যে এলাকায় এ হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরাইলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা। পরে হেলিকপ্টারে উদ্ধার করে।
ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি এবং এতে মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরিকল্পনা পিছিয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। সূত্রে বরাতে জানা গেছে, পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই প্রতিবেদন তৈরি করেছে। এক কর্মকর্তা বলেন, হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড যে যুদ্ধের ক্ষতি মূল্যায়ন করেছিল, তার ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে। এদিকে মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে।
এবার ইরান-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আইনপ্রণেতা বাডি কার্টার মনোনীত করেছেন। এ বিষয়ে কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি লেখেন, ইসরাইল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’ রয়েছে। তিনি বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্ব তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্যপ্রাচ্যে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।