বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করার। দশ মাসেও সেটি করেনি। তবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কথাবার্তা হয়েছে; কিন্তু আমাদের প্রত্যাশা ছিল, রাজনৈতিক বিষয় নিয়ে উনার সঙ্গে দেখা করার। আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার। যাই হোক হয়নি, তবে বিএনপি আশাবাদী আগামী দিনে অন্তর্বর্তী সরকার তা করবেন। এ্যানি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই ভালো মানুষ। কয়েক দিন পূর্বে তিনি লন্ডনে সফর করেছেন। সেখানে তারেক রহমানের সঙ্গে উনার বৈঠকে নির্বাচন ও সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছিল। এতে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আনন্দিত। আরও বলেন, লন্ডনের ওই বৈঠকটি দু-চারজন মেনে নিতে পারছে না। এছাড়া তিনি আওয়ামী লীগের দুঃশাসনের বর্ণনা দেন।
আমার বাংলাদেশ (এবি) পার্টি সাংবিধানিক প্রতিষ্ঠানে বিদ্যমান নিয়োগ ব্যবস্থাকে ফ্যাসিবাদী নীতির ধারাবাহিকতা বলে প্রত্যাখ্যান করেছে। চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু শেখ হাসিনার আমলে রাজনৈতিক নিয়োগের সমালোচনা করে নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ পদ্ধতির সংস্কারের আহ্বান জানান। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি সাম্য, ন্যায় ও অংশগ্রহণমূলক শাসনের ওপর গুরুত্বারোপ করেন। যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, স্বাধীন নিয়োগ কমিটি গঠিত হলে তা নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।
ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাতকে স্কুলের বাচ্চাদের মারামারি হিসেবে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলাকে হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সঙ্গে তুলনা করে বলেছেন, উভয় ঘটনা যুদ্ধ শেষ করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ ছিল। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ তেমন ফলপ্রসূ হয়নি যতক্ষণ না কঠোর ব্যবস্থা নেয়া হয়। বক্তব্যের আগে তিনি ন্যাটোর মহাসচিবের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন।
বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম এবং আল জাজিরার সূত্র। ড্রোনটি প্রতিহত করা হয়েছে, এবং কোনো সতর্কতা সাইরেন বাজেনি। ইয়েমেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই হামলার আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল এতে যোগ দেয়। ২৪ ঘণ্টার মধ্যে এই ১২ দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে তিনি জানান।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ১৬ বছরের অর্থনৈতিক অসামঞ্জস্যতা ও ক্রিমিনালাইজেশন কাটিয়ে উঠতে পলিসি ডাইভারশন অত্যন্ত জরুরি। দেশের উচ্চ লজিস্টিক খরচ এবং কৃষি, শিল্প ও সেবায় লজিস্টিকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি নিয়ন্ত্রকদের সুস্পষ্ট নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশাল জনসংখ্যা ও বাড়তে থাকা লজিস্টিক চাহিদার মধ্যে শ্রমশক্তির উৎপাদনশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা জরুরি। এই মন্তব্য তিনি গ্রিন গ্রোথের জন্য অটোমোবাইল নীতির সেমিনারে করেন।
আইইইএফএর প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে বছরে প্রায় ৯৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারি অর্থায়নের পাশাপাশি বড় পরিমাণ বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। নীতিগত অনিশ্চয়তা, ভূমি অধিগ্রহণ ও মুদ্রা ঝুঁকি বাধার সৃষ্টি করছে। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী ২০৩০ সালে ২০% এবং ২০৪০ সালে ৩০% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা স্থিতিশীল নীতি ও সবুজ অর্থায়নের মাধ্যমে অর্জন সম্ভব।
২৮ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সারাদেশে বিক্ষোভের আয়োজন করছে, যার প্রধান দাবি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও এনবিআর পৃথক অধ্যাদেশের বাতিল। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে ‘মার্চ টু এনবিআর’ মিছিল হবে। ২৫ জুন ঢাকায় রাজস্ব ভবনে এবং অন্যান্য স্থানে অফিসগুলোতে অবস্থান কর্মসূচি ও কলম বিরতির মাধ্যমে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি জানান, রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা- এই পাঁচ বিষয়কে সমর্থন করেছেন তারা। তিনি বলেন, ভবিষ্যতে অন্তত এই পাঁচ বিষয় সংবিধানে থাকতে হবে- এই রকম একটি ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। সাকি বলেন, একজন প্রধানমন্ত্রী কত বছর দায়িত্ব পালন করতে পারবেন- সে বিষয়ে একটা প্রস্তাব ছিল ১০ বছরের। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরির জায়গা হয়েছে।
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ও ইউক্রেন সংকট বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে সতর্কতা বাড়িয়েছে। মার্কিন হুমকি এবং সিপ্রির নতুন পারমাণবিক প্রতিযোগিতার সতর্কবার্তা বিশ্বে অস্ত্রসংগ্রহ বাড়ার ইঙ্গিত দেয়। প্রায় ১২ হাজার অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আধিক্য এবং স্বচ্ছতার অভাব উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রতিরোধ কৌশল ব্যর্থ হতে পারে। উত্তেজনা বাড়ার কারণে নিরস্ত্রীকরণ হারাতে পারে, ফলে বিশ্ব আরও বিপজ্জনক সময়ের মুখে পড়ছে, যেখানে ভুলের সুযোগ কম থাকবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল জানিয়েছেন, ১৯টি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ২০২৬ সালের জুলাইয়ে বন্দরটি পুরোপুরি চালু হবে। ২৫ জুনের আলোচনায় তিনি বলেন, বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা বড় জাহাজ চলাচলের উপযোগী এবং দুটি নতুন ড্রেজার দিয়ে তা ১০.৫ মিটার পর্যন্ত বাড়ানো হবে। ঢাকার কাছে অবস্থান, ২৪ ঘণ্টার নদীপথ পরিবহন ও ভবিষ্যতের ৬ লেন সড়ক পরিবহন খরচ কমাবে। ইতিমধ্যে বন্দরটি ৫০০টির বেশি বিদেশি জাহাজ হ্যান্ডেল করে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে সরকারকে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফ তাদের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিল। নির্বাচনের একটি সম্ভাব্য সময় প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকেও ‘বাজেট সহায়তা’ আসতে শুরু করেছে। সালেহউদ্দিন আরও বলেন, ‘রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এএফডি, এআইআইবি লোন অ্যাপ্রুভ করেছে। মোটামুটি বাংলাদেশে সংস্কার কাজের প্রোগ্রেস দেখে সবাই সন্তুষ্ট।’ প্রসঙ্গত, সোমবার আইএমএফের নির্বাহী বোর্ড ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করার অনুমোদন দেয়।
শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব তৈরি পোশাক কারখানা বন্ধ দেখছেন, সেসব আগে থেকেই বন্ধ ছিল। ৫ আগস্টের পর নয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকরা ব্যাংক থেকে টাকা নিয়ে শ্রমিকদের বেতন তো দেয়-ই নাই, কাজও করে নাই। তারা লোন নিয়েছে কিন্তু যথাসময়ে পরিশোধ না করায় এখন ব্যাংক তাদের আর টাকা দেয় না। এজন্য তারা কারখানা চালাতে পারছে না। আরো বলেন, টাকা-পয়সা নিয়ে বেশিরভাগ মালিকবিদেশে চলে গেছেন। উপদেষ্টা বলেন, সব বড় গার্মেন্টস বন্ধ হয়নি। গার্মেন্টস বন্ধ হলে ১৭ পার্সেন্ট এক্সপোর্ট হতো না এবং চিটাগাং পোর্ট ও অর্ডার নিয়ে কুলাতে পারছে না। সবশেষে বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়া বা অন্য কেউ কিনে নিলে তাদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে চিন্তা করবে সরকার। তবে এটা অনেক সময় লাগবে।
আসিফ মাহমুদ বলেন, গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে এক কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছ? নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে? আসিফ প্রশ্ন তুলেন, ইশরাকের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়াসহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে? তিনি বলেন, কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি, কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোশিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন। সবশেষে বলেন, আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে, এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে লড়ছেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে। জানা গেছে, গণি নিজেই দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। পরে আদালত মঞ্জুর করেন। জানা গেছে, গণিকে নিয়োগ দেওয়ায় অনেকে সমালোচনা করেন। কারণ আইনজীবী আমিনুল গণি টিটু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।
এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে আলী রীয়াজ বলেন, এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না। কমিটির সভাপতি হবেন নিম্নকক্ষের স্পীকার জানিয়ে আলী রীয়াজ আরও বলেন, এই কমিটি হবে সাত সদস্যবিশিষ্ট।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।