ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির অন্তত ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডেফা প্রেস। তারা বলছে, এই হামলায় ইসরাইল ‘অপূরণীয় ক্ষতির’ মুখে পড়েছে। ১৩ জুন শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের পর ইরান ২২ দফায় প্রতিশোধমূলক অভিযান চালায় এবং প্রায় ৪৫০ ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্পষ্ট জানিয়েছেন, দেশটি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে গঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। তিনি বলেন, এটি পাকিস্তানের সাত দশকের ফিলিস্তিন নীতির পরিপন্থি হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতেই পাকিস্তান অটল রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও বলেন, কোনো চাপ এলেও পাকিস্তান তার স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্রের কোনো নীতিতে অন্ধভাবে অংশ নেবে না।
যুক্তরাষ্ট্রের ৫ ট্রিলিয়ন ডলারের ঋণসীমা বাড়ানোর প্রস্তাবকে "পাগলামীপূর্ণ ব্যয়" বলে আখ্যা দিয়ে ইলন মাস্ক বলেছেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে ঠেলে দিচ্ছে। তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দেন, যেটি সাধারণ মানুষের কথা বলবে। মাস্কের মন্তব্যের পর টেসলার শেয়ারে বড় পতন হয়।
ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী বলে দাবি করেছেন ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা লিওনিড পাসেচনিক। তিনি বলেছেন, রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করে নিয়েছে, তা ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে চারটি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি। তবে এই দাবি যদি নিশ্চিত হয়, তাহলে তিন বছরেরও বেশি সময় চলা যুদ্ধে লুহানস্কই রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল হবে। এর আগে গত ২০ জুন পুতিন জানান, তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান।
৩০ জুন রাতে ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক সেকশনে দুটি কাতিউশা রকেট হামলায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন। কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। আরেকটি রকেট শহরের একটি বাড়িতে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি। বিমান চলাচলে বিঘ্ন ঘটেনি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৬৮ বিলিয়ন ডলার, যা আগের দিনের তুলনায় ৩৭০ মিলিয়ন ডলার বেশি। আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ বেড়ে হয়েছে ২৬.৬৬ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, এই বৃদ্ধিতে স্বস্তি মিলছে, তবে স্থিতিশীলতা ধরে রাখতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে হবে।
মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীর ডাক্তারি পরীক্ষা ঘটনার পাঁচ দিন পরও হয়নি। মামলা হলেও ভুক্তভোগী মত পরিবর্তন করায় পুলিশ পরীক্ষা সম্পন্ন করতে পারেনি বলে জানায়। পরিবারের দাবি, আটক ফজর আলীর উপর হওয়া নির্যাতনের ফলে ফজর আলী মারা যেতে পারেন বলে ভয় দেখিয়ে ভুক্তভোগীকে সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা হয়। আইনজীবীরা বলছেন, দেরিতে হলেও দ্রুত ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ নমুনা সংগ্রহ প্রয়োজন, না হলে মামলায় দুর্বলতা থাকবে। পুলিশ বলছে, ট্রমা কাটাতে সহযোগিতা জরুরি এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে।
পশ্চিম গাজার একটি সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবারের এ হামলায় আরও অনেকেই আহত হন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব, নারী ও শিশুরাও রয়েছেন। ক্যাফেটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকদের আড্ডাস্থল ছিল। বিস্ফোরণে গভীর গর্ত তৈরি হয়েছে, এখনও উদ্ধার তৎপরতা চলছে। আহতদের গাজা শহরের আল-আহলি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা এটিকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করছেন।
প্রায় চার দশকের সশস্ত্র সংগ্রামের ইতি টেনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জুলাইয়ের শুরুতে ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়ায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ শুরু করতে যাচ্ছে। কুর্দি গণমাধ্যম রুডাও জানিয়েছে, ৩ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ২০-৩০ জন পিকেকে যোদ্ধা অস্ত্র জমা দেবেন। ডিইএম পার্টির ভাইস প্রেসিডেন্ট সেজাই তেমেলি জানিয়েছেন, এই পদক্ষেপকে আঙ্কারার সঙ্গে সমঝোতার পথ তৈরির সদিচ্ছা হিসেবে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ডিইএম পার্টির প্রতিনিধি দলের বৈঠকও হতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত এখনো যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র, এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক দৃঢ় রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে ভারতের একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে তিনি জানিয়েছেন। এই মন্তব্য এসেছিল এমন সময়, যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোয়াড বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং জাতিসংঘে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদবিরোধী প্রদর্শনী উদ্বোধন করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিরিয়ার ওপর দীর্ঘদিনের প্রায় সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারার সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ফলে দেশটির আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ তৈরি হলো। তবে মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার ও রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। ‘সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে সিরিয়ার তালিকাভুক্তির বিষয়টি এখনও পর্যালোচনায় রয়েছে।
মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন—শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল। তাদের কাছ থেকে হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ২৬ জুন দুপুরে নবাবপুর থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে দুই কর্মচারীকে অপহরণ করে টাকা লুট করে চক্রটি। পরে তাদের হাত-পা বেঁধে নারায়ণগঞ্জে ফেলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাসহ ঝালকাঠিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরা হয়। ডিবি জানায়, মিজান পূর্বেও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৮ জুলাই দিনটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হবে। তিনি বলেন, সরকার ১ জুলাই ‘জুলাই’ উদযাপনের জন্য তার ক্যালেন্ডার ঘোষণা করতে চলেছে। আপাতত আমরা আপনাদের এটুকু বলতে পারি যে, অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশনার দিকে চোখ রাখার জন্যও আহ্বান জানান তিনি।
এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, ২০২৪ এর জুলাই থেকে শুরু করে ২৫ এর জুলাই পর্যন্ত পরিবার, ক্যারিয়ার, পড়াশোনা, ব্যক্তিগত জীবন সবকিছুকে একপাশে রেখে শুধুমাত্র আহত যোদ্ধাদের জন্য পুরো দেশের যে কয়েকজন দিনরাত ছুটে চলেছেন এবং এখনও চলছেন; তাদের মধ্যে দুইজন নুসরাত এবং ইমরান। আরও লিখেছেন, আমরা যেটা করতে পারিনি, আপনারা সেটা করেছেন। জুলাইয়ের আজকের এই নতুন প্রহরে আপনাদের দুজনের প্রতি আজীবনের কৃতজ্ঞতা।
আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া ১৪টি দেশের ৩৭টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অনিয়ম ও রাজনৈতিক বিবেচনার অভিযোগে বাতিল হওয়া প্রকল্পগুলোর মোট সক্ষমতা ৩,২৮৭ মেগাওয়াট, যার মধ্যে চীনের ৪টি, সিঙ্গাপুরের ৭টি, ভারত ও যুক্তরাষ্ট্রের ১টি করে প্রকল্প রয়েছে। এতে অন্তত ৬ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ ও ৩০ কোটি ডলারের খরচ ঝুঁকিতে পড়েছে। চীনা বিনিয়োগকারীরা এ সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে নীতিগত স্থিতিশীলতা ও বিডার সক্রিয় সমন্বয় জরুরি।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।