নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট তুলে দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় ঘটনাটি পড়েছি। পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে দেখেছি নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক-শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছেন তিনি। নিউ ইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।’ পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দেন। ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে তিনি কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে। উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকায় যুক্ত হয়েছে ফ্রান্স। নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সম্মেলনে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বৈঠকে বক্তব্য রাখেন। যুক্তরাজ্য এর আগের দিনই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্মেলনে বলেন, ‘আমরা এখানে একত্রিত হয়েছি কারণ সময় এসে গেছে। আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা। আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’ এর আগে গত বছর স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। গাজায় যুদ্ধের কারণে স্পেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে। সোমবারের সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘যখন কোনো এক রাষ্ট্রের জনগণ গণহত্যার শিকার হয়, তখন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সম্ভব নয়। ফিলিস্তিনি জনগণ ধ্বংসের মুখে। তাই যুক্তি, আন্তর্জাতিক আইন ও মানবিক মর্যাদার স্বার্থে আমাদের এই হত্যাযজ্ঞ থামাতে হবে।’ এদিকে জাতিসংঘ অধিবেশনে উপস্থিত থাকতে না পারলেও ভিডিওবার্তায় বক্তব্য দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
আজ থেকে শুরু হচ্ছে জাতিংসঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। আগামী শনিবার পর্যন্ত পর্যন্ত চলবে বিশ্বনেতাদের বিতর্ক পর্ব। উদ্বোধনী বক্তব্যের পর রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। পর্যায়ক্রমে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র-সরকারপ্রধানসহ প্রতিনিধিরা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াই এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মূলপর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা নামবে এবারের অধিবেশনের।
কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে শাস্তি প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন: লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ছাত্রশৃঙ্খলা কমিটি ২৫ থেকে ২৭ আগস্ট এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক সভায় তদন্ত প্রতিবেদন, অভিযোগনামা, ভিডিও ফুটেজ, কারণ দর্শানোর নোটিশ ও তার উত্তর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সের্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময়, সের্জিও গোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে ড. ইউনূস বলেন, চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ— ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া, জলবায়ু ধাক্কা মোকাবিলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা। তিনি বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক। বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সংগত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি। আরো বলেন, একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতায় মাপা যাবে না। এটি গড়ে উঠবে আজকের সাহস, আজকের পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি আজকের অবিচল প্রতিশ্রুতিতে। এছাড়াও, সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধান উপদেষ্টা।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটা ব্যক্তি আখতার হোসেন নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন আক্রমণ হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়তে দেখা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টার দিকে তিনি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আছেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধন করতে নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করণে ইসি সময়সূচি নির্ধারণ করেছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর।’
সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নেতারা হলেন- পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান। জাহিদ খান সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। পিপি আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে সোমবার আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ১৪ জুন সকালে জাফলং এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুহাম্মদ ফাওজুল কবির খান ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। এ ঘটনায় করা মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন থাকবে। আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনো ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনো ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে। আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
গণঅভ্যুত্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল। আরও জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নেয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে। এরপর তাকে আদালতে তোলা হবে।
এনবিআর জানিয়েছে, ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে মোট আদায়ের পরিমাণ ২৭,১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্ট গত বছর একই সময়ের তুলনায় ৪,০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ। গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫,০০৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্ট মাসের প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ। ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট ২০২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮,০০৭ দশমিক ৬২ কোটি টাকা।
জিওপি নেতা রাশেদ খান লিখেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই। তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে। এই উপলব্ধিবোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে থাকা উচিত। প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে। এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয়। তিনি লেখেন, দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলেছে, এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এনসিপি ও গণঅধিকার পরিষদ উভয় দলের নেতাকর্মীদের। সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন। এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল। নতুনভাবে সেটি আবার আলোচনায়। এবার বাস্তবায়ন না হলে জনগণ আমাদের সব পক্ষকে ধোঁকাবাজ মনে করবে। ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে। এ ক্ষেত্রে দল ও অঙ্গসংগঠনের সবাইকে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন রাশেদ।
বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কুমিল্লা জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। মোশাররফ বলেন, কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না। একই সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি আদায়ে কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব। প্রয়োজনে আন্দোলন হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।