ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করা হবে। প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জগন্নাথ হল ও শামসুন নাহার হলে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিক্ষার্থীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। শিক্ষার্থীরা বিনামূল্যে নির্দিষ্ট ডোজের ওষুধও পাবেন। ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট। ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, ঢাবির বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এ সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই মাসিক মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। তিনি বলেন, দেশের স্বাধীনতাবিরোধী একটি দল কখনো আওয়ামী লীগের সঙ্গে যায়, কখনো বিএনপির সঙ্গে, কখনো জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করে রাজনৈতিক ফায়দা লুটছে। তাদের কোনো চরিত্র নাই। তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততার প্রতীক। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানীর রাহীম’ সংযোজন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তার বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বুধবার রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন।
গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন। এরই মধ্যে রওনা দিয়েছে নৌযানগুলো। বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি। এর আগে, তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় সুমুদ ফ্লোটিলা লক্ষ্য করে। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকারকর্মীরা। যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত স্পেন ও ইতালির। শেষ খবর পাওয়া পর্যন্ত ত্রাণবাহী নৌবহর গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে এগিয়ে চলছিল। উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় সবশেষ ৪টি মিশন পণ্ড হয়েছিল তাদের। ৫ম দফায় প্রায় ৫০ নৌযান নিয়ে এ যাত্রা। বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকার কর্মী।
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। বৃহস্পতিবার ভোর ৪টায় মানাসলু জয় করেন তিনি। গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন তিনি। এর আগে, তৌফিক আহমেদ গত ১৪ বছর ধরে দেশবিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। এরও আগে, তিনি ৫ হাজার থেকে ৬ হাজার মিটারের সাতটি পর্বত এবং ৬৫০০ মিটার উঁচু দুটি পর্বত জয় করেন। তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়। এছাড়াও গত বছর বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন তমাল।
জামায়াত কর্তৃক মনোনীত চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী শাহজাহান মিয়া বুধবার হাইমচর উপজেলায় গণসংযোগ করেছেন। এসময় তিনি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করে দাড়িপাল্লায় ভোট চান। গণসংযোগকালে শাহজাহান মিয়া বলেন, সাম্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাকে সুযোগ দিন। তিনি বলেন, আমি আশা করি আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনগণের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করব ইনশাল্লাহ। আশাকরি এলাকার উন্নয়ন হবে। একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর আগে, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
তিনদিন ধরে বৈবিছার তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন নিখোঁজ রয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তাকে খুঁজে বের করার দাবি জানায় এনসিপির যুবশক্তি উইং। যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহতাব বাঁধন জানান, গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হয় মামুন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি রেব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। নেতারা জানান, এ ঘটনার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্তরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় মামুনকে ফিরে পেতে ২৪ ঘন্টায় আল্টিমেটামও দেন তারা। সংবাদ সম্মেলন শেষে উত্তরা ৭নং সেক্টরে মিছিল করেন যুবশক্তি নেতারা।
জাতিসংঘের চলমান অধিবেশনে ফিলিস্তিন, রোহিঙ্গা ও বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র আতাউর রহমান বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো গাজায় চলমান গণহত্যা। ইসরাইলের নির্মম বর্বরতা সহ্য করার মতো নয়। বাংলাদেশকেও ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘ অধিবেশনে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন, সুশাসনের জন্য সংগ্রাম এবং দেশকে নিয়ে বিভিন্ন সময়ে চালানো অপপ্রচারের জবাব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি পাচারকৃত টাকা ফেরত আনা এবং খুনি-দুর্নীতিবাজদের দেশে প্রত্যর্পণের বিষয়েও আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়-দায়িত্ব নিয়ে উদাসীনতা বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। লাখ লাখ রোহিঙ্গাকে দেশান্তরিত করা হলেও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কার্যকর ভূমিকা নেয়নি। কেবল ত্রাণ সহায়তার মধ্যে সীমাবদ্ধ থেকেছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন টুকু বলেন, দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে রেখেই তাদের সমস্যার সমাধান করবে। টাঙ্গাইলে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মর্মান্তিক দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন। টুকু বলেন, নদী-নালা ও খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো জরুরি। এতে করে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু নগরায়ণের ফলে শহরে আর আগের মতো পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনে আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে। আরও বলেন, একা দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়েই প্রকৃত রূপান্তর সম্ভব। বিএনপি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে উদ্যোগ নেবে।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহবান জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহবান জানান।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারিতেই ভোট বলে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা, আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফরের। আয়োজন চলাকালে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা কিডনি রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বুধবার দুপুরে শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় লামিয়াদের বাসায় যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। আব্দুর রাজ্জাকের সঙ্গে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। উল্লেখ্য, আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন আঁকুতি জানায়। তারেক রহমানের নজরে এলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত কমিটির প্রথম সভা আজ রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ৯০ এর দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতনও ছাত্র ইউনিয়ন থেকে উঠে আসা নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সিপিবির সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক ছিলেন রুহিন হোসেন প্রিন্স।
নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। তবে সেই তালিকায় নেই শাপলা প্রতীক। বুধবার এক প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া প্রতীক বাদে এই ১১৫টি থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।