চট্টগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক, কারিগরি ও সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শুক্রবার পবিত্র রমজানের দ্বিতীয় দিনে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আসলাম চৌধুরী বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি মানবসেবায় আত্মনিয়োগের তৌফিক কামনা করেন। ইফতারের পর দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও এমপি আসলাম চৌধুরীর সুস্বাস্থ্য কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক ও আলেমরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া আয়োজনই ছিল মূল উদ্দেশ্য। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ঐক্যবোধ জোরদারে সহায়ক ভূমিকা রাখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।