Web Analytics

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে ‘এমটি রাসি’ জাহাজ কাটার অভিযোগে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক জমির উদ্দিন এ আদেশ দেন। নবায়ন না হওয়া পর্যন্ত ভাটিয়ারীর এইচ আকবর আলী সড়কের ইয়ার্ডে থাকা জাহাজটির সব ধরনের কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন ও নথিপত্র পর্যালোচনায় নবায়ন ছাড়া জাহাজ কাটার বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানের প্রতিনিধিকে তলব করে শুনানি করা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশোধিত ২০১০ সালের ধারা ৭ অনুযায়ী অনুমোদিত পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতিতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

প্রতিষ্ঠানটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত চালানের মাধ্যমে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে বলা হয়েছে। অর্থ পরিশোধ বা আদেশ বাস্তবায়নে ব্যর্থ হলে ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ইয়ার্ডের কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, জাহাজটির ছাড়পত্রের মেয়াদ মাত্র দুদিন আগে শেষ হয়েছিল এবং সময়মতো নবায়ন সম্ভব হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।