শনিবার যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের দিনে তীব্র তাপপ্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে ৮ লাখ ৪২ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চরম তাপমাত্রার কারণে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠান ব্যাহত হয় এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে সকালে নির্ধারিত কুচকাওয়াজ বাতিল করা হয়।
রাজধানীতে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়, কারণ তাপজনিত অসুস্থতায় অনেক মানুষ চিকিৎসা নেন। অতিরিক্ত গরমের কারণে জাতীয় রেলসেবা প্রতিষ্ঠান অ্যামট্র্যাক বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিলের ঘোষণা দেয়, যার মধ্যে ৮৮, ১০৬, ১০৭, ১৪২, ১৫৯, ১৬৩, ৬৬৬, ৬৬৭, ৬৯৪ ও ৬৯৫ নম্বর ট্রেন রয়েছে।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানায়, পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলসহ অন্তত ১৬ কোটি ৫০ লাখ মানুষ রেকর্ডভাঙা তাপপ্রবাহের প্রভাবে ছিলেন। নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও ডেলাওয়্যারের কয়েকটি শহরে তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে সর্বকালের রেকর্ড ভেঙে দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।