ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা চালিয়ে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে ছয় মাস বা তার বেশি সময় যুদ্ধ চালাতে পারবে। তেহরানে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে না এবং শত্রুদের আরোপিত সময়সীমাও মানবে না।
আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সরাসরি আলোচনা বা চুক্তি হয়নি, যদিও কিছু বার্তা রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে বিনিময় হচ্ছে এবং তা নিরাপত্তা কাউন্সিলের তত্ত্বাবধানে রয়েছে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায়নি, তবে নিজের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ করছে। হরমুজ প্রণালী কেবল আগ্রাসী রাষ্ট্রের জাহাজের জন্য বন্ধ রাখা হয়েছে। তিনি সতর্ক করেন, অবকাঠামোতে হামলা হলে শত্রুরা বড় ক্ষতির মুখে পড়বে।
আরাঘচি আরও বলেন, ইরানের লক্ষ্য শুধু নিজের নয়, পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। যুদ্ধ চলাকালীন ইরান কেবল মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে নয়। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য আঞ্চলিক দেশগুলোকে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে, বিদেশি বাহিনীর ওপর নয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।