Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। মঙ্গলবার দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানানো হয়। প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কার্যকলাপে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধও জানানো হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছিনুজ্জামান নিশ্চিত করেছেন। মামলায় অভিযোগ, তিনি পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টের কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।