Web Analytics

বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিমের অর্থ ছাড়ের প্রক্রিয়া পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় ব্যাংকগুলো প্রথমে নিজেদের তহবিল থেকে গ্রাহকদের ঋণ দেবে, পরে বাংলাদেশ ব্যাংকের কাছে পুনঃঅর্থায়নের আবেদন করবে। আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়ার পর গ্রাহককে ঋণ দেওয়ার ব্যবস্থা ছিল।

বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিম’-এর নাম বদলে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম’ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণ বিতরণের আগে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অথবা নির্বাহী কমিটির অনুমোদন নিতে হবে।

ঋণ বিতরণের পরবর্তী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পুনঃঅর্থায়নের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে আবেদন সম্ভব না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন করা যাবে। আগে প্রকল্প ঋণ নেওয়া ব্যাংক থেকে এ স্কিমে ঋণ পেতে গ্রাহক অগ্রাধিকার পাবেন। সব লেনদেন এসক্রো বা রেভিনিউ হিসাবের মাধ্যমে করতে হবে এবং গ্রাহকের কাছ থেকে অর্থপাচার, জালিয়াতি, তহবিল সরিয়ে নেওয়া বা ঋণের অর্থ অপব্যবহার না করার ঘোষণাপত্র নিতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।