নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি ভোটের প্রক্রিয়ার বিস্তারিত জানান। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে এবং সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করবেন।
ইসির নিয়োজিত কর্মকর্তারা সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। প্রতিটি ব্যালটে মুড়ি অংশ ও মূল ব্যালট থাকবে। মুড়ি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে। মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে ফাঁকা স্থানে ভোটার তাঁর পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে, যার যেকোনোটিতে ভোট দেওয়া যাবে।
বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পর অধিবেশন কক্ষেই ব্যালট বাক্সের সামনে সরাসরি ভোট গণনা শুরু হবে। চার বা পাঁচ সদস্যের একটি ব্যালট গণক দল ব্যালট পেপার বাছাই ও গণনা করবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধতা, বাতিলের সংখ্যা এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট সিইসি সবার সামনে ঘোষণা করবেন। পরে কমিশন সচিবালয় থেকে ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। ভোটের কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং সাংবাদিকদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থাও থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।