রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় এ রিমান্ড দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন চার দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে মিরপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন আহত হন এবং পরে মারা যান। ২০২৫ সালের জুলাইয়ে মামলা দায়েরের পর ২০২৬ সালের ২৩ মার্চ বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।