পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, আইনের ফাঁকফোকর ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের দীর্ঘদিন আটক রাখা যায় না। অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও পরে তারা আবার একই অপরাধে জড়িয়ে পড়ে বলে তিনি জানান। শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের পরিচ্ছন্নতাবিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম; প্রায় এক হাজার মানুষের জন্য একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। ইয়াবাসহ নানা মাদক তরুণদের কাছে এনার্জি ট্যাবলেট বা আকর্ষণীয় অন্য নামে তুলে দেওয়া হচ্ছে বলেও তিনি সতর্ক করেন এবং সন্তানদের সচেতন করার ওপর গুরুত্ব দেন।
আলী হোসেন ফকির বলেন, মাদকাসক্তি একজনের জীবন নষ্ট করার পাশাপাশি পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। তিনি দায়িত্ব পালনের সময় দেখা এমন ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে মাদকের টাকা না দেওয়ায় সন্তান বাবাকে মারধর করে আহত করেছে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা কঠিন উল্লেখ করে তিনি জনবান্ধব ও মানুষকেন্দ্রিক পুলিশিংয়ের কথা বলেন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক ব্যবহার ও রাস্তা পারাপারের নিয়ম শেখানোর প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।