বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল সোয়া ১০টার দিকে বৈঠক শুরু হয় এবং এতে বাজেট প্রস্তাব অনুমোদন পায়। মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুমোদন সূচকে সই করবেন, এরপর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১ হাজার টাকা করার প্রস্তাব, ব্যাংক একাউন্ট খোলা ও মোটরবাইক কেনার জন্য আয়কর রিটার্ন সার্টিফিকেট বাধ্যতামূলক করা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।