চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযানটি চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন এবং রহিম উল্ল্যা রনি রয়েছেন। রোববার তাদের চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হিঙ্গুলীর কদমতলা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। বোরহান উদ্দিনের কাছ থেকে ৭.৬২ মিলিমিটারের একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, নয় রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।
একই অভিযানে রহিম উল্ল্যা রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার হওয়ার কথা জানিয়েছে পুলিশ। জোরারগঞ্জ থানা পুলিশ বলেছে, দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি করে মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসংক্রান্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে পাঠানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।