জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি কথিত ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে রেকর্ডটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, রেকর্ডটি ২০২৪ সালের ১১ জুলাই ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের মধ্যে কথোপকথনের। এতে সাদ্দামকে কাদের বলতে শোনা যায়, “এদের মারো না কেন?” সাদ্দাম জবাবে বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে। প্রসিকিউশনের দাবি, এই বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হন।
৪ আগস্ট শুরু হওয়া যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জুলাই-আগস্টের ঘটনাগুলোকে পরিকল্পিত ও দেশব্যাপী ‘সিস্টেমেটিক ক্রাইম’ বলে বর্ণনা করেন। মামলায় অন্য আসামিরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। প্রতিবেদনে বলা হয়েছে, সব আসামিই পলাতক।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।