ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় সংসদ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিও উপস্থিত ছিলেন।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে তিনি অংশ নেন এবং উভয়পক্ষ কুশলাদি বিনিময় করেন।
ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।