সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ও কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের পদায়নের অভিযোগ উঠেছে। ২৩ আগস্টের পৃথক তিন আদেশে ১২ জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ২৫ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ২১ জন নির্বাহী, উপবিভাগীয় ও সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়। ২৫ আগস্টের আরেক আদেশে ৩৫ জন নির্বাহী প্রকৌশলীকে পদায়ন দেওয়া হয়।
অভিযোগকারীদের ভাষ্য, পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে অন্তত ২৫ জন পরিষদের সওজ শাখার নেতা এবং তাদের গুরুত্বপূর্ণ ও বেশি বিনিয়োগের প্রকল্পে দায়িত্ব দেওয়া হয়েছে। ২২ আগস্ট গাজীপুরের রাজেন্দ্রপুর সওজ রেস্ট হাউসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সওজ ও প্রকৌশলী সমিতির কর্মকর্তাদের বৈঠকে পদায়ন নিয়ে আলোচনা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
সওজের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান বৈঠকে পদায়ন আলোচনা হওয়ার কথা অস্বীকার করে বলেন, সেখানে প্লান্টেশন নিয়ে আলোচনা হয়েছিল। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট প্রকৌশলীরা বদলিতে বেশি সুবিধা পেয়েছেন—এ দাবিও তিনি নাকচ করেন। কয়েকজন নাম উল্লেখ করা প্রকৌশলী মন্তব্যের অনুরোধে সাড়া দেননি; অন্যরা রাজনৈতিক সম্পৃক্ততা ও পরিষদের সদস্য হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ৯ সেপ্টেম্বরের অফিস আদেশে নির্বাহী প্রকৌশলী সম্মেলনের কমিটিতেও পরিষদ নেতাদের দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।