হেফাজতে ইসলাম বাংলাদেশের পল্টন জোন ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছে। সোমবার বাদ মাগরিব রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আব্দুল্লাহ রাসেল প্রমুখ। বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নাগরিকের প্রাণহানি দমন-পীড়নের মাধ্যমে ঘটতে পারে না। শাপলার ঘটনা মানবিক বিপর্যয় ও ন্যায়বিচারের প্রশ্ন।
তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান। বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।