ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সোমবার দ্বিতীয় দিনের জবানবন্দিতে তিনি জানান, ২০১৬ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে তাকে তুলে নিয়ে দীর্ঘ সময় ডিজিএফআইয়ের বন্দিশালা ‘আয়নাঘরে’ আটক রাখা হয়। সেখানে তাকে ভারতের বিরুদ্ধে লেখালেখি ও জামায়াতে ইসলামী সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যা তিনি অস্বীকার করেন।
আজমী বলেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে প্রশ্ন করা হয় কেন তিনি ভারতের বিরুদ্ধে লেখেন। তিনি জবাবে বলেন, যদি এটি দণ্ডনীয় অপরাধ হয়, তবে আদালতে মামলা করা উচিত, অবৈধভাবে আটক নয়। তার ভাষায়, সেনাবাহিনীর ৩০ বছরের চাকরিতে শেখানো হয়েছে ভারত প্রধান শত্রু, এবং এটি যদি অপরাধ হয়, তবে যারা শেখিয়েছেন তারাও সমান অপরাধী। তিনি আরও জানান, বন্দিশালায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়েছে এবং মৌলিক প্রয়োজনীয় জিনিস থেকেও বঞ্চিত ছিলেন।
জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার আসামিপক্ষের জেরা গ্রহণের দিন নির্ধারণ করেছে।