বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণের জন্য জাপানের পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন। বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি ও পণ্যের বৈচিত্র্য আনতে বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, শ্রমিক ও কর্মীদের দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন এবং উন্নত উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতামূলক করার বিষয় উঠে আসে।
ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জমির সংস্থান, বিনিয়োগের ছাড়পত্র এবং অন্যান্য প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। উভয় পক্ষ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করে এবং এটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।