সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে, অন্যথায় ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনে ন্যূনতম ৪২ হাজার ৩২৯ ভোট প্রয়োজন ছিল। জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. কাজী আব্দুল গফুর এবং স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু, মো. হযরত আলী বেলাল ও মো. রুস্তম আলী।
দিনাজপুর-৫ আসনের ১৪১টি কেন্দ্রে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ভোট দেন, যা প্রায় ৭২ শতাংশ। স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ পান ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট এবং বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামান পান ৯৭ হাজার ৭২৭ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন জানান, এই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।