যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় অঙ্কের শেয়ার লেনদেনকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। সিনেটর এলিজাবেথ ওয়ারেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্পের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি জানান, ট্রাম্প এনভিডিয়াকে চীনে উন্নত এআই চিপ বিক্রির অনুমতি দেন এবং পরে নিজেই কোম্পানিটির কোটি কোটি ডলারের শেয়ার কেনেন। ওয়ারেন দাবি করেন, ট্রাম্প এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিয়ে চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে চিপ কেনার জন্য রাজি করানোর চেষ্টা করেন।
ট্রাম্প পরিবারের ব্যবসা পরিচালনাকারী এরিক ট্রাম্প অভিযোগ অস্বীকার করে বলেন, পরিবারের সব সম্পদ বড় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্লাইন্ড ট্রাস্টে বিনিয়োগ করা হয়েছে এবং কেউ ব্যক্তিগতভাবে শেয়ার কেনাবেচা করেননি। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এক্সে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার প্রকাশিত নথিতে দেখা যায়, ট্রাম্পের নামে ২০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়েছে। ফোর্বসের হিসাবে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত তার ব্যক্তিগত সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ কোটি ডলারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।