কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ১২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার দুটি কক্ষ থেকে মাদক সেবন অবস্থায় আরও নয়জনকে আটক করে পুলিশ।
আটক ১২ জনই উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সোনা মিয়া, মো. রাসেল, আব্দুস শুক্কুর, মো. হেলাল, মো. সোহেল, সাইফুল ইসলাম, নুরুল আলম, মো. ফয়সাল, মাহিউল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম, মো. কায়সার ও মো. করিম রয়েছেন। ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।