লন্ডনের ট্রাফালগার স্কয়ারে শনিবার অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভ থেকে ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে আয়োজিত এই অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সংগঠনটির পক্ষে প্ল্যাকার্ড বহন করছিলেন, যা আইনের দৃষ্টিতে অপরাধ বলে জানায় পুলিশ। একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়, আর অন্যরা হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পুলিশ জানিয়েছে, ২৭ থেকে ৮২ বছর বয়সী মোট ২১২ জনকে আটক করা হয়েছে।
গত বছরের জুলাইয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার সমর্থনে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট এই নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে রায় দেয়, যদিও সরকার আপিলের অনুমতি পেয়েছে। মার্চের শেষ দিকে মেট্রোপলিটন পুলিশ পুনরায় গ্রেপ্তার অভিযান শুরু করে।
আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ দাবি করেছে, প্রায় ৫০০ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং তারা সরকারের পদক্ষেপকে শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর ভুল দমননীতি হিসেবে অভিহিত করেছেন। নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলোর পরবর্তী পর্যালোচনা আগামী ৩০ জুলাই নির্ধারিত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।