শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বদলি পদ্ধতি শিগগিরই চালু করা হবে। তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন কমিটি গঠন করা হচ্ছে, এরপর অচিরেই প্রক্রিয়াটি শুরু হবে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী আরও জানান, ১৪ হাজার ৩০০ শিক্ষক যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নিয়োগ দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং চাকরির বিধিমালার শর্ত অনুযায়ী তাদের যোগদান করানো হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দময় করতে এবং খেলাধুলায় দক্ষ করে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে।
অনুষ্ঠানে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় এবং শিক্ষামন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।