বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ শনিবার দেশজুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন টানা কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে। সরকার বিক্ষোভকারীদের সড়ক অবরোধ অপসারণে সেনাবাহিনী ও বুলডোজার মোতায়েন করেছে, যা দেশজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা প্রায় অচল করে দিয়েছিল বলে এএফপি জানিয়েছে।
গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে শ্রমিক ইউনিয়ন, আদিবাসী সংগঠন ও কোকা চাষিদের বিভিন্ন গোষ্ঠী দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে আসছে। এসব অবরোধের কারণে জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে এবং অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি গত দুই দশকের মধ্যে বলিভিয়ার প্রথম অ-সমাজতান্ত্রিক সরকারের জন্য ক্ষমতাচ্যুতির হুমকি তৈরি করেছে।
শনিবার ভোরে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পাজ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন এবং জরুরি অবস্থার আওতায় বিক্ষোভ-সমাবেশের অধিকার সীমিত করেন। কয়েক ঘণ্টা পর এল আলতো শহরে সেনা ও সশস্ত্র পুলিশ মোতায়েন হয় এবং স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।