ফ্রিল্যান্স প্রোকিউরমেন্ট ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মাসরুর আনোয়ার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দিতে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ২০২০ সালের ৩ মার্চ তাকে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের সদস্যরা গুম করে নির্মমভাবে নির্যাতন করে। তিনি জানান, চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তাকে একটি ছোট সেলে রাখা হয় এবং আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে লেখার কারণ ও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জবানবন্দিতে মাসরুর বলেন, তাকে বেল্ট দিয়ে মারধর করা হয় এবং কয়েক দিন ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরে তাকে অন্য সেলে স্থানান্তর করা হয়, যেখানে আরও কয়েকজন আটক ব্যক্তির সঙ্গে দেখা হয়। কয়েক দিন পর তাকে ও আরও তিনজনকে মিডিয়ার সামনে হাজির করে জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি জানান, র্যাব-১১ এর কর্মকর্তা আলেপ উদ্দিন তার অপহরণের নেতৃত্ব দেন এবং প্রায় ১০ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
মাসরুর আনোয়ার তার গুম, নির্যাতন ও পেশাগত ক্ষতির জন্য দায়ীদের বিচারের দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।