বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেছেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন এবং আদালতমুখী চাপও কমছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গ্রাম আদালত স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ, জমি-জমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দ্রুত ও সহজভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনপ্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে বিরোধ আরও দ্রুত সমাধান সম্ভব হবে। তার মতে, গ্রাম আদালত ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় সরকারি কর্মকর্তা ও ব্র্যাক, প্রশিকা, ওয়েভ ফাউন্ডেশন এবং সেইন্ট বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।