শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ে এসব নির্দেশনা দেন। মন্ত্রী প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় আইপিএস ব্যবহারের নির্দেশ দেন যাতে পর্যবেক্ষণ নিরবচ্ছিন্ন থাকে।
তিনি বলেন, এসব ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণেও সহায়ক হবে। ২০০১ থেকে ২০০৬ সালের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারও নকলমুক্ত পরীক্ষা সম্ভব হবে। তিনি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন এবং খাতা মূল্যায়নে সঠিক উত্তর যাচাই করে নম্বর দেওয়ার নির্দেশ দেন। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং একটি মেধাবী জাতি গঠনে সবাই একসঙ্গে কাজ করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।