বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব সোমবার সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তিশালী হচ্ছে। ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি মধ্যরাতে প্রবল এবং পরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বুধবার ভারতের অন্ধ্র প্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে এটি অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্ধ্র প্রদেশে সম্ভাব্য আঘাত মোকাবিলায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু জেলা প্রশাসনকে ২৪ ঘণ্টা সতর্ক থাকা, নিয়ন্ত্রণকক্ষ চালু করা এবং মোবাইলে নিয়মিত সতর্কবার্তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঝুঁকিপূর্ণ উপকূলবাসীকে প্রয়োজনে সরিয়ে নেওয়া, মাছ ধরার নৌকা ফিরিয়ে আনা এবং বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচলের প্রস্তুতি চলছে। বুধবার বাতাসের গতি ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার, দমকায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
সোমবার দুপুরে অর্ণব পূর্বমধ্য ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে ছিল। কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার এবং দমকায় ৮৮ কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।