বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে জনগণ সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাবে। শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, কার্ডের নামে ভেলকিবাজি করে জনগণের অধিকার হরণের চেষ্টা মানুষ মেনে নেবে না। ভোটাধিকার নিশ্চিত করা এবং গণরায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় চলমান আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশের মানুষের অধিকার আদায়, ৭০ শতাংশ মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষার জন্য ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে।
তিনি বলেন, এক দফা দাবি আদায়ে ঢাকার রাজপথে জমায়েতের ডাক এলে সমর্থকদের ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়মতো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।