Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য স্পষ্ট নীতিমালা তৈরির পরামর্শ দিয়েছেন। বুধবার বেলা ১১টায় ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইন্টিগ্রিটি কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন কাজে এআই ব্যবহার করা যাবে না, কোথায় ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহারের তথ্য জানাতে হবে—নীতিমালায় তা স্পষ্ট থাকা প্রয়োজন।

এআই ব্যবহারে স্বচ্ছতার জন্য ‘এআই ডিসক্লোজার স্টেটমেন্ট’ চালুরও পরামর্শ দেন তিনি। এতে কোন এআই টুল কোন কাজে ব্যবহৃত হয়েছে এবং পাওয়া তথ্য কীভাবে যাচাই করা হয়েছে, তা উল্লেখ থাকবে। শুধু এআই শনাক্তকারী সফটওয়্যারের ওপর নির্ভর না করে শিক্ষার্থীর শেখা, চিন্তা ও কাজের প্রক্রিয়া মূল্যায়নের কথা বলেন তিনি। মৌখিক ব্যাখ্যা, গবেষণার খসড়া সংরক্ষণ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও বাস্তব সমস্যা সমাধানের মতো পদ্ধতির কথাও উল্লেখ করেন।

তিনি চারটি পদক্ষেপ প্রস্তাব করেন: স্পষ্ট এআই নীতিমালা, পদোন্নতিতে গবেষণার সংখ্যার বদলে মানকে গুরুত্ব, গবেষণার সততা ও যথাযথ উদ্ধৃতি বিষয়ে বাধ্যতামূলক কোর্স এবং চৌর্যবৃত্তি ও এআই-সহায়তা শনাক্তে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। এআই নিষিদ্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এটি ভুল তথ্য, ভুল সূত্র ও পক্ষপাত ছড়াতে পারে; তাই এর ফলাফলের দায় ব্যবহারকারীদেরই নিতে হবে। জাতীয় পর্যায়ে গবেষণার সততা ও দায়িত্বশীল এআই ব্যবহার নিয়ে অভিন্ন কাঠামোরও আহ্বান জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।