বৃহস্পতিবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা বেড়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, মোট ১৪ লাখ ৯২ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৮৬৫ জন অনুপস্থিত ছিল এবং নকলের দায়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন এবং বহিষ্কৃত হয়েছিল ৬ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়টি সাধারণ বোর্ডে ১২ হাজার ৩১৬ জন, মাদ্রাসা বোর্ডে ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে ইংরেজি-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। সাধারণ বোর্ডে গড় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৪ দশমিক ৭৯ শতাংশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।