রাজধানীর আদাবর এলাকায় তুচ্ছ বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র একদিনের ব্যবধানে তেজগাঁও বিভাগের ডিবি সদস্যরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রিপন, নিরব, মজনু মিয়া ও মিজানুর রহমানকে আটক করে। অভিযানে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৯ জুন রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তী কয়েক দিনে বিরোধ বাড়তে থাকে এবং ১ জুলাই রাতে নবোদয় হাউজিং এলাকায় সালিশ বৈঠকের সময় সংঘর্ষে রূপ নেয়। এতে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে আবুল বাশার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান, সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।